৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে রবীন্দ্রনাথের শেষের কবিতা। প্রশান্ত হালদারের নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের নাটকের নির্দেশনায় আগ্রহ হলো কীভাবে?আগ্রহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী, যে উপলক্ষে বাঙালি জাতি, বিশেষ করে এপার-ওপার দুই বাংলা মিলেই উৎসব পালন করছে। সেই ধারাবাহিকতায় আমাদের দল থেকেও একটা রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। দলই আমাকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়েছে। যেহেতু এটা আপনার রবীন্দ্রনাথের প্রথম কাজ। সে ক্ষেত্রে নিজের প্রস্তুতিটা কেমন ছিল?প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা অনুদানের টাকা ছেড়ে নিজেদের খরচে সময় নিয়েই কাজটি করেছি। কেননা, উপন্যাসটি এত বেশি পঠিত যে, পাঠকদের দাঁড়ি-কমা পর্যন্ত মুখস্থ। তাই নাট্যকারের সঙ্গে বসে সতর্কতার সঙ্গে বিচার-বিশ্লেষণ করে কাজটি শুরু করি। নাটকটি মঞ্চে আসার পর দর্শকের সাড়া কেমন?খুবই ভালো সাড়া পেয়েছি। রবীন্দ্রনাথকে সমকালীনভাবে মঞ্চে আনা হয়েছে। নাটকটির প্রদর্শনী শেষে আমি দর্শকের প্রশংসায় আনন্দিত হয়েছি, আবেগ-আপ্লুত হয়েছি। আমাদের মঞ্চে আগে সেভাবে রবীন্দ্রনাথচর্চা হয়নি। গত বছর থেকে এটি ব্যাপক হারে শুরু হয়েছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?আমি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। হয়তো রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আলাদাভাবে একটা উপলব্ধি তৈরি হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে মুক্তিযুদ্ধের নাটক আমরা কতটুকু এগিয়ে আনতে পেরেছি?বিষয়টি ভাবলে একটু কষ্টই লাগে। আমরা এত দীর্ঘ সময়েও মুক্তিযুদ্ধের নাটকের চর্চা বাড়াতে পারিনি। মুক্তিযুদ্ধের সফল ফসল হলো আমাদের মঞ্চনাটক। এত দিনে মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কাজ হয়েছে। তবে আরও গুণগতমানের নাটক হওয়া দরকার ছিল। এ ধরনের নাটক হিসাব করলে হাতেগোনা চার-পাঁচটির হিসাবই বারবার ঘুরেফিরে আসে। এই দীর্ঘ সময়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। তবে গুণগতমানের কাজের জন্য ক্ষমতাবান লেখক-নির্দেশক আমাদের আছে। কিন্তু সেভাবে কাজটি হয়নি। মুক্তিযুদ্ধকে আশ্রয় করে সামাজিক সংকট নিয়ে কাজ হয়েছে। তবে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রামাণ্য দলিল হিসেবে আমাদের কম কাজ হয়েছে।