সম্প্রতি মঞ্চে এসেছে মুক্তিযুদ্ধের নাটক বৃহস্পতিবার। বদরুন্নাহারের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনিমেষ সাহা। নির্দেশনায় ছিলেন আমিনুর রহমান। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।ইতিমধ্যে নাটকটির চারটি প্রদর্শনী হয়েছে। দর্শকের সাড়া কেমন?মুক্তিযুদ্ধের এই নাটকটি মুক্তিযুদ্ধ ও রাজাকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে মুক্তিযুদ্ধের সময়কাল থেকে শুরু করে বর্তমান সময়কালও আনা হয়েছে। ফলে একটা ভিন্ন গতি এসেছে নাটকটিতে। এই জায়গাটিতেই দর্শকের কাছে ভালো লাগা কাজ করেছে। যাঁরা নাটকটি দেখেছেন, তাঁদের অনেকেই একবাক্যে ভালো বলেছেন।মুক্তিযুদ্ধের নাটকে আগ্রহী হলেন কেন?এর আগে এ ধরনের নাটক করা হয়নি। তবে রাইফেল, তোরা সব জয়ধ্বনি করসহ মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি নাটকের সঙ্গে ছিলাম। এ ছাড়া স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে নিজেরও একটা আগ্রহ ছিল। একই সঙ্গে শব্দাবলী গ্রুপ থিয়েটারের স্টুডিও অংশের ২০ বছর পূর্তি উপলক্ষেও দলের সিদ্ধান্ত ছিল, মুক্তিযুদ্ধের নাটক করবে। সব মিলিয়ে সম্মিলিত আগ্রহ থেকেই নাটকটি নির্দেশনা দেওয়া হয়েছে।এ সময়ে এসে আপনার প্রজন্ম মুক্তিযুদ্ধের নাটকে কতটুকু এগিয়ে এসেছে বলে মনে করেন?আমাদের প্রজন্ম সেভাবে মুক্তিযুদ্ধের নাটক করেনি। তবে দেবাশীষ ঘোষ করেছেন কথা ৭১, মোহাম্মদ বারী সময়ের প্রয়োজনেসহ এ প্রজন্মের মধ্যে আরও কিছু মুক্তিযুদ্ধের নাটক বিচ্ছিন্নভাবে হয়েছে। তবে যতটুকু হওয়ার কথা ছিল, ততটুকু হয়নি। কিন্তু স্বাধীনতার ৪০ বছর ধরে কি একাধিক মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে আনা সম্ভব ছিল না?স্বাধীনতার ৪০ বছর ধরে অবশ্যই একাধিক নাটক মঞ্চে আনার সুযোগ ছিল। এরই মধ্যে কেউ কেউ মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে আনার কথা ভাবছেন, কেউ কেউ আবার পুরোনো নাটকগুলো নতুন করে মঞ্চে আনার উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চে আনার জন্য শিল্পকলা থেকে আট-নয় জেলায় বেশকিছু দলকে অনুদান দেবে বলে শুনেছি।আপনার নিজ দল পালাকার থেকে কী করছেন?পালাকার রাইফেল, বাংলার মাটি বাংলার জল নিয়মিতই মঞ্চায়ন করছে। এ ছাড়া নতুন নাটক নারীগণ-এর কাজ কিছুদিন বন্ধ ছিল, এখন পুরোদমে চলছে।