৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাম বিশ্ববিদ্যালয়ের লিঙ্গবৈষম্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে বাংলাদেশের নাটকের দল সুবচনের প্রযোজনা সুদীপ চক্রবর্তী নির্দেশিত মহাজনের নাও। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। এটি তাঁর প্রথম লেখা মঞ্চনাটক। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রথমবারের মতো এ ধরনের উৎসবে আপনার নাটক আমন্ত্রিত হয়েছে। বিষয়টি কীভাবে দেখছেন?বিষয়টি নিয়ে আমি খুবই আনন্দিত। নিজের মধ্যে উত্তেজনাও কাজ করছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নাটকটি মঞ্চস্থ হবে। একটি বড় জায়গায় আমরা নাটকটি দেখাতে পারব। এ জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধর ভট্টাচার্যের কাছে আমরা কৃতজ্ঞ। ওখানে নাটকটির কয়টি প্রদর্শনী হবে?ভারতে নাটকটির দুটি প্রদর্শনী হবে। ফেরার পথে বিয়ানীবাজার কলেজে নাটকটির আরেকটি প্রদর্শনী করব। আমরা ৯ ফেব্রুয়ারি আসামের উদ্দেশে রওনা হব। ১০ ফেব্রুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রদর্শনী হবে। ১২ ফেব্রুয়ারি আসামের শিলচর টাউন হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে। দেশে ফেরার পথে ১৩ ফেব্রুয়ারি বিয়ানীবাজার কলেজ ক্যাম্পাসে নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে। আপনার এই একই পাণ্ডুলিপি নিয়ে দেশের বাইরে আরও কয়েক জায়গায় নাকি কাজ হচ্ছে?হ্যাঁ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একতারা নামের একটি সংগঠন নাটকটি মঞ্চে এনেছে। কয়েকটি প্রদর্শনীও হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে উদীচী নাটকটি নিয়ে কাজ শুরু করেছে। মহড়া চলছে। নাটকটি নিয়ে প্রথম থেকে কেমন সাড়া পেয়েছেন?খুবই ভালো সাড়া পেয়েছি। ২০১০ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। ওই বছরই নাটকটির রজতজয়ন্তী করতে পেরেছি। প্রথম থেকেই নাটকটিতে দর্শকের সাড়া পাওয়ার কারণেই বেশি বেশি প্রদর্শনীও করতে পেরেছি। আমি খুব ভাগ্যবান। কেননা, প্রথম নাটকে যেভাবে সাড়া পেয়েছি, তাতে আমি অভিভূত। নাটকটি শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, রাজশাহীতে মঞ্চস্থ হয়েছে। মঞ্চনাটক লেখার আগ্রহ হলো কীভাবে?আমি আগে থেকেই শাহ আবদুল করিমের জীবনী নিয়ে কাজ করে আসছিলাম। তাঁর জীবনী নিয়ে একটা প্রামাণ্যচিত্রও করেছি। সুবচন নাট্যসংসদ থেকে শাহ আবদুল করিমের জীবনী নিয়ে মঞ্চনাটক করার আগ্রহ দেখাই। এবং আমাকে একটা পাণ্ডুলিপি লিখে দিতে বলে। প্রথমে আমি রাজি হইনি। কেননা, আগে মঞ্চনাটক নিয়ে আমার কাজ করা হয়নি। কিন্তু সুবচন একেবারই নাছোড়বান্দা। যেহেতু শাহ আবদুল করিমকে নিয়ে কাজ করা ছিল, তাই তাঁর গানের সুরের ছন্দে ছন্দ মিলিয়ে নাটকের সংলাপগুলো তৈরি করি। পুরো নাটকটি গীতল নাটক হিসেবে লেখা হয়। পয়ার ছন্দে নাটকে সংলাপগুলো আসে।