শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারের আমন্ত্রণে ঢাকা থিয়েটার নির্মাণ করছে শেক্সপিয়ারের টেমপেস্ট নাটকটি। এই প্রথম বাংলা ভাষাভাষী কোনো নাটক গ্লোব থিয়েটারের আয়োজনে মঞ্চে আসতে যাচ্ছে। লন্ডনের গ্লোব থিয়েটারের বিশ্ব নাট্য উৎসবে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশনার কাজটি করছেন নন্দিত নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। কীভাবে এ সুযোগ হলো?আগামী এপ্রিল মাসে অলিম্পিক অনুষ্ঠান উপলক্ষে গ্লোব থিয়েটার ওখানে শেক্সপিয়ারের নাটকের বিশ্ব নাট্য উৎসব করবে। এ জন্য তারা সারা বিশ্ব থেকে ৩৮টি দেশের ৩৮টি শেক্সপিয়ারের নাটক ৩৮টি ভাষায় করার প্রস্তুতি নেয়। বাংলা ভাষাভাষী একটি নাটক এই আয়োজনে থাকছে। তারা ঢাকা থিয়েটার বরাবর আমার নির্দেশনায় টেমপেস্ট নাটকটি নির্মাণ করার জন্য চিঠি পাঠায়। এবং দুই বাংলার বাংলা ভাষাভাষী থেকে এই একটি নাটকই নির্মাণ করার জন্য তারা চিঠি পাঠায়। তারা দেখতে চায়, শেক্সপিয়ারের নাটক ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতিতে কীভাবে উঠে আসে। কীভাবে করছেন নাটকটি?শেক্সপিয়ারের নাটকের মূল জায়গা ঠিক রেখে আমাদের মতো করে করা হচ্ছে। এটি ফোক আকারে মঞ্চে আসবে। মূলত প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের নাট্য আঙ্গিকেই আমরা নাটকটি করছি। নাটকটির মূল সুর থাকছে ‘আমরা স্বপ্ন নদীর নাইয়া’। নাটকটির নির্মাণক্ষেত্রেও একটা ভিন্নতা আনা হচ্ছে, যাতে করে সহজেই খোলা জায়গাতেও নাটকটি মঞ্চায়ন করা যায়।বিষয়টি কীভাবে দেখছেন?গ্রিসের অলিম্পিয়ানের পাদদেশে কিংবা শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারে নাটক করার মর্যাদা যেকোনো নাট্যকর্মীর জন্য সম্মানের ব্যাপার। শুধু আমরা নই, সারা বাঙালি জাতির জন্যই এটি গর্বের ব্যাপার। ৪৫০ বছরের গ্লোব থিয়েটারের ইতিহাসে বাংলা নাটকের জন্য এটাই প্রথম একটা সুযোগ। বলা যায়, বিশ্ব নাট্য আয়োজনে এটি প্রথম বাংলা নাটক।এ পর্যায়ে কাজের অগ্রগতি কতটুকু?প্রায় ২০ দিন হলো, নাটকটির কাজ শুরু হয়েছে। আশা করছি, এ মাসের শেষ পর্যায় থেকে মূল মহড়ায় চলে যেতে পারব। আমরা লন্ডনে গ্লোব থিয়েটারে নাটকটির মঞ্চায়ন করার আগে এখানে প্রস্তাবিত চারটি প্রদর্শনী করব। তার মধ্যে জাতীয় নাট্যশালায়ও একটি প্রদর্শনী করব। লন্ডনের গ্লোব থিয়েটার মঞ্চে শেক্সপিয়ারের বিশ্ব নাট্য উৎসবের মেলায় ৭ ও ৮ মে নাটকটি মঞ্চায়িত হবে।লন্ডন থেকে ফিরে নাটকটি কি ঢাকার মঞ্চে নিয়মিত থাকবে?যুক্তরাজ্যে নাটকটির দুটি মঞ্চায়ন হবে। তার আগে এখানে চারটি প্রদর্শনী করব। আমরা ভাবছি, ওখান থেকে ফিরে অন্যান্য নিয়মিত প্রযোজনার পাশাপাশি এ নাটকটিও নিয়মিতই মঞ্চে থাকবে।