৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শেষ হলো পথনাটক পরিষদের সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোত্সব। এবার ঢাকাসহ ঢাকার বাইরের প্রায় ৫০টি নাটকের দল অংশ নেয় এ উত্সবে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। পথনাট্যোত্সবটি কেমন হলো?অনেক ভালো হয়েছে। এবার আমরা শহীদ মিনার থেকে উত্সবটি সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়েছিলাম। ওখানকার মুক্তমঞ্চে উত্সবটি হয়েছে। প্রচুর দর্শক নাটক দেখার সুযোগও পেয়েছে।শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যান কেন?আমরা প্রতিবছরই ১ থেকে ৭ মার্চ শহীদ মিনারের পাদদেশে এ উত্সব করি। ১১ বছর ধরে তা করেও আসছি। এবারও আমরা উত্সবটি ওখানে করার জন্য আবেদনও করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সপ্তাহের মাঝখানের দুই দিন বরাদ্দ দিতে চায়নি। এ জন্য আমরা প্রতিবাদস্বরূপ ওখানে উদ্বোধনটা করে পুরো উত্সব সোহরাওয়ার্দী উদ্যানে করেছি। তাহলে এখন থেকে কি সোহরাওয়ার্দী উদ্যানেই প্রতিবছর উত্সবটি করবেন?না। আমরা আগামী বছর আবার শহীদ মিনারের পাদদেশে ফিরে যাব; এবং যেকোনো মূল্যে আমরা ওখানেই পথনাট্যোত্সব করতে চাই। এবারও করার ইচ্ছা ছিল। কিন্তু উত্সব শুরুর শেষ মুহূর্তে গিয়ে আর জটিলতার মধ্যে পড়তে চাইনি। তবে আগামী বছর নাট্যকর্মীরা যেকোনো বাধা উপেক্ষা করে শহীদ মিনারের পাদদেশেই উত্সব করবেন।নব্বইয়ের দশকে দেশব্যাপী পথনাটকের যে জোয়ার শুরু হয়েছিল, তা পরবর্তী সময়ে থেমে গেল কেন?তখন আসলে রাজনৈতিক পরিস্থিতির ওপর ভর করেই পথনাটকের জোয়ার তৈরি হয়েছিল। পথনাটক জনপ্রিয়তা পেয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলন ঘিরে। তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। কিন্তু সে অবস্থা এখন নেই। তবে পরবর্তী সময়ে এসে পথনাটকের শৈল্পিকতা, সাংগঠনিক অবস্থা অনেকখানি বেড়েছে। তখন মিছিল-মিটিংয়ে পথনাটক হতো বলে সবার চোখে পড়ত। কিন্তু এখন দেশের আনাচে-কানাচে অনেক জায়গাতেই পথনাটক হচ্ছে।উত্সবে অংশ নিতে প্রতিবছরই ঢাকার বাইরে থেকে নিজ খরচে একাধিক দল আসে। কিন্তু পথনাটক পরিষদের নিজস্ব ফান্ড থেকে তাদের কতটুকু সহযোগিতা করা হচ্ছে?পথনাটক পরিষদের সেই অর্থে তেমন কোনো ফান্ড নেই। আমরা জানি, দেশব্যাপী নাট্যকর্মীরা পকেটের টাকা খরচ করে নাটক করেন। ঢাকার বাইরের নাট্যকর্মীদের আর্থিক সংকটটা আরও বেশি। ঢাকার বাইরের দলগুলোকে উত্সবে অংশ নিতে কিছু আর্থিক সহযোগিতা দিলে ভালো হতো। গত বছর সরকারি অনুদান থেকে কিঞ্চিত্ অর্থ পথনাটক পরিষদের ফান্ডে আসে। তা থেকে উত্সবে আসা দলগুলোকে সামান্য কিছু দিয়েছিলাম। কিন্তু এবার আর তা সম্ভব হয়নি। তবে এ ধরনের উত্সবে অংশ নিতে ঢাকার বাইরের দলগুলোর জন্য সরকারি অনুদানের একটা ভালো অংশ বরাদ্দ হওয়া একান্ত জরুরি।