দীর্ঘদিন বন্ধ থাকার পর থিয়েটারের সাড়া জাগানো মুক্তিযুদ্ধের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় আবার মঞ্চে আসছে। নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৭৬ সালে। ফেরদৌসী মজুমদারের প্রথম অভিনীত মুক্তিযুদ্ধের নাটক এটি। মাতবরের মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এবার করছেন বৃদ্ধা চরিত্রে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের নাটক হিসেবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটিতে আপনার প্রথম অভিনয়। সেই সময়কার অনুভূতি জানতে চাই।নাটকটি তো অনেক আগের। সব কথা মনেও নেই। ১৯৭৬ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। তখন একেবারেই টগবগে নাট্যকর্মী। একের পর এক মঞ্চে কাজ করে যাচ্ছি। বড় ক্যানভাসের এ নাটক করতে গিয়ে খুবই উত্তেজনা কাজ করত, তাও আবার মুক্তিযুদ্ধের নাটক। তার কয়েক বছর আগে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের উত্তেজনা যেন তখনো ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে। এটি ছিল কাব্যনাটক। সৈয়দ শামসুল হকের খুবই সুলিখিত নাটক এটি। কিন্তু প্রথম যখন আমরা মহড়া করতাম, অনেক কিছুই বুঝতাম না। আবদুল্লাহ আল-মামুন নির্দেশক হিসেবে ধরে ধরে বুঝিয়ে দিতেন। রিহার্সেলের সময় মামুন ভাই আমার ওপর প্রায়ই রাগ করতেন। আমি যখন সংলাপ বলতাম, তখন নাকি ছড়া হয়ে যেত।সবেমাত্র তখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। নাটকটি মঞ্চে আসার পর দর্শকের কাছে নাটকটির সাড়া কেমন ছিল?খুবই সাড়া পড়েছিল। প্রথম থেকেই নাটকটিতে দর্শক আসতে থাকে। সেই সময় নাটকটির টানা ১১০টি প্রদর্শনী হয়েছিল। প্রতিটি প্রদর্শনীতেই মিলনায়তন পূর্ণ হয়েছে। আমার পরিচিত জন অনেকই আছেন, যাঁরা সেই সময় একাধিকবার মিলনায়তনে গিয়ে নাটকটির প্রদর্শনী দেখেছেন। নাটকের প্রদর্শনীর দিন মিলনায়তনের বাইরে অন্য রকমের পরিবেশ তৈরি হতো। সত্যি, খুবই দর্শকনন্দিত নাটক ছিল এটি।‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির পর আরও তিনটি মুক্তিযুদ্ধের নাটক ‘যুদ্ধ এবং যুদ্ধ, ‘তোমরাই’ ও ‘মেহেরজান আরেকবার’-এ আপনি অভিনয় করেন। আগের ধারাবাহিকতায় এ নাটকগুলো দর্শকের কাছে পৌঁছেছে কি?অবশ্যই। আমি মনে করি, পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধের এই নাটকটি মঞ্চে যেভাবে জাগিয়েছিল, সেই ঢেউ এসে দলের বাকি নাটকগুলোকেও জাগিয়ে তোলে। পরের মুক্তিযুদ্ধের নাটকগুলোও মঞ্চের ইতিহাস হয়ে আছে। আশির দশকের শুরু থেকে শেষ এবং নব্বইয়ের দশকের শুরুতে থিয়েটার এই নাটকগুলো মঞ্চে আনে। সেই সময় মুক্তিযুদ্ধের এই নাটকগুলো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জানতে উদ্বুদ্ধ করে। শুধু দেশেই নয়, ভারতের বাংলাদেশ সীমান্তের বিভিন্ন রাজ্যে আমরা মুক্তিযুদ্ধের এই নাটকগুলো মঞ্চস্থ করেছি।এবার ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে আপনার চরিত্রটি করছেন মেয়ে ত্রপা মজুমদার। নিজের কাছে কেমন লাগছে?বিষয়টি নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি ভাগ্যবান। আমার চরিত্রটি ত্রপা এখন থেকে করবে। আমি হয়তো একসময় থাকব না। কিন্তু নাটকটির প্রদর্শনী হতে থাকলে আমি ত্রপার মধ্যে বেঁচে থাকব। ত্রপা মঞ্চের ব্যাপারে খুবই সিরিয়াস। ও আপ্রাণ চেষ্টা করছে ভালো করার। আমার বিশ্বাস, ও ভালো করবে। রিহার্সেলের সময় ত্রপা যখন আমার সংলাপগুলো বলে, তখন মনের অজান্তেই আমার মুখ দিয়ে সংলাপ বেরিয়ে আসে।কিন্তু মুক্তিযুদ্ধের নাটকের নির্দেশনায় মেয়েদের তেমন একটা দেখা যায় না...আমি নিজেই তো নির্দেশনা দিয়েছি। ১৯৯৬ সালে তাহারা তখন নাটকটির নির্দেশনা দিই। পুরুষ নির্দেশকেরা যে সংখ্যায় মুক্তিযুদ্ধের নাটকের নির্দেশনা দিয়েছে, তা মেয়েরা পারেনি। তবে না পারার কারণও ছিল। মুক্তিযুদ্ধের পরপর ছেলেরা যেভাবে থিয়েটার করতে পেরেছে, মেয়েরা তো সেইভাবে কাজ করতে পারেনি। তখন পারিবারিকভাবে মেয়েদের থিয়েটার করা কঠিন ছিল। সব নাটকের দল মিলে মেয়েরা সংখ্যায় খুব বেশি ছিল না। আর বর্তমান সময়ে এসে মেয়েদের কাজের সুযোগ হলেও মুক্তিযুদ্ধের ওপর ভালো পাণ্ডুলিপির অভাব। যাঁরা লিখবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতেন, বুঝতেন তাঁরা তো অনেকেই চলে গেছেন। তবে মুক্তিযুদ্ধের ভালো পাণ্ডুলিপির খুব অভাব অনুভব করি। ভালো পাণ্ডুলিপি পেলে আমি নিজেই কাজ করতে চাই।