কোরিয়ান ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে নাটক মঞ্চায়ন শেষে সম্প্রতি দেশে ফিরেছে সুবচন নাট্য সংসদ। উৎসবে তাদের চলতি প্রযোজনা মহাজনের নাও নাটকটির দুটি প্রদর্শনী হয়। শাকুর মজিদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে শাহ আবদুল করিমের চরিত্রে অভিনয় করেছেন চারজন। তাঁদের একজন আহম্মেদ গিয়াস। কোরিয়া সফর নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। উৎসবে যোগ দেওয়ার সুযোগ হলো কীভাবে?আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের নাটকের মঞ্চায়নের সুযোগ হয়েছে গত বছর থেকে। কোরিয়া সরকারের সহযোগিতায় বিশ্বের একাধিক দেশ এই উৎসবে অংশ নেয়। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বাছাই করে একটি দলকে নির্বাচন করে। এবার সুবচন নাট্য সংসদ সেই সুযোগ পেয়েছে।উৎসবে অংশ নিয়ে কেমন অভিজ্ঞতা হলো?অভিজ্ঞতা চমৎকার। অনেক বড় পরিসরে ছিল উৎসবটি। ১৩টি দেশের নাটক ২৭টি স্থানে মঞ্চস্থ হয়েছে। বিভিন্ন দেশের নাট্যকর্মীরা আমাদের নাটক দেখার সুযোগ পেয়েছেন। আমরাও বেশ কয়েকটি দেশের নাটক দেখেছি। ওখানে ‘মহাজনের নাও’ নাটকটিতে দর্শকের প্রক্রিয়া কেমন ছিল? কোরিয়ার কেউচাংয়ে আমরা পর পর দুই দিন নাটকটি মঞ্চস্থ করেছি। দুটি প্রদর্শনীতে প্রচুর দর্শক হয়েছিল। কোরিয়ান দর্শকসহ বিভিন্ন দেশের নাট্যকর্মীরা আমাদের নাটকটি দেখেছেন। নাটকটির প্রদর্শনী শেষে অনেক দর্শক মঞ্চে এসে আমাদের সঙ্গে ছবিও তুলেছেন। এ ধরনের উৎসবে বাংলাদেশের নাটক আমন্ত্রণ পাওয়াকে কীভাবে দেখছেন?এর আগে আমাদের নাটক দেশের বাইরে শুধু ভারতের বিভিন্ন রাজ্যে প্রদর্শিত হয়ে আসছে। এখন লন্ডনের গ্লোব থিয়েটার থেকে শুরু করে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়াসহ একাধিক দেশে মঞ্চস্থ হচ্ছে। আমি মনে করি, এতে করে আমাদের নাটক বিশ্বনাটকের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে। ফলে দিন দিন আমাদের নাটকের মান বাড়ছে।দলে নতুন নাটকের কাজ কবে থেকে শুরু করছেন?সামনে মহাজনের নাও নাটকটির ৫০তম প্রদর্শনী হবে। এই বিশেষ প্রদর্শনী শেষ করে নতুন নাটকের কাজ শুরু করব।