শেষ হলো লাকী ইনাম নির্দেশিত ছয়টি নাটক নিয়ে ‘ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব’। উৎসবটি আয়োজন করা হয়েছিল লাকী ইনামের জন্মদিন ও থিয়েটারে তাঁর চার দশকে পদার্পণ উপলক্ষে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনএ ধরনের উৎসবকে আপনি কীভাবে দেখছেন?বর্তমান সময়ে একটি দলের পক্ষে নিয়মিত নাট্যচর্চা করে এত বড় উৎসবের আয়োজন করা কঠিন। আমার জন্মদিন উপলক্ষে এ উৎসব আয়োজনের কথা দলের কর্মীরা আমাকে জানালে প্রথমে আমি ‘না’ করি। কিন্তু তাঁদের উৎসবটি সাজানোর পরিকল্পনা জেনে আমার ভালো লাগে। পরে রাজি হই। এ ধরনের উৎসব ঢাকার মঞ্চে প্রথম। থিয়েটারে এ উৎসব নতুন মাত্রা যোগ করেছে বলে আমার মনে হয়।আপনাকে ঘিরেই এই নাট্যোৎসব। নিজের অনুভূতি কেমন?আমি খুবই গর্বিত যে আমার কাজের স্বীকৃতিস্বরূপ এ উৎসবের আয়োজন করা হয়েছে। শুধু নাগরিক নাট্যাঙ্গনই নয়, ঢাকার মঞ্চের একাধিক দলের কর্মীদের সমন্বয়ে এ উৎসব কমিটি করা হয়েছে। আমার কাজের প্রতি সম্মান দেখানো হয়েছে। আমার দীর্ঘ থিয়েটার-জীবনে এ এক মূল্যবান প্রাপ্তি।একটি ভিন্ন মাত্রার নামকরণের মধ্য দিয়ে প্রথম এমন একটি বড় নাট্যোৎসব হয়ে গেল। আমাদের থিয়েটারে এ ধরনের আরও নাট্যোৎসব করা সম্ভব কি?অবশ্যই। আমাদের নাট্যাঙ্গনে বড় বড় নাট্যব্যক্তিত্ব রয়েছেন। থিয়েটারে তাঁদের অবদান অসামান্য। আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, আলী যাকেরসহ অনেকই আছেন, তাঁদের নামে এ ধরনের নাট্যোৎসব সহজেই করা যেতে পারে।থিয়েটারে আপনি চার দশক স্পর্শ করেছেন। এখানে দাঁড়িয়ে আমাদের থিয়েটারকে কোন জায়গায় দেখছেন?আমি মনে করি, বর্তমানে আমাদের থিয়েটার এখন চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে গেছে। বর্তমান সময়ে নবীনেরা অনেক ভালো কাজ করছেন। তাঁদের হাতে কারিগরি দিকটাও উন্নত হয়েছে। মঞ্চ, সেট ও আলোক পরিকল্পনাতেও ভিন্নতা এসেছে।একটি নাটক থেকে আরেকটি নাটকের ভিন্নতা নিয়ে আপনার দলে নতুন নতুন নাটক আসে। সামনে সেই ভিন্নতায় কী কাজ যোগ হতে যাচ্ছে?নাগরিক নাট্যাঙ্গন নতুন প্রযোজনার ব্যাপারে চিন্তাভাবনা ও ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোয় এবং দলের কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই তা বাস্তবায়ন করে। নতুন প্রযোজনা নিয়ে পরিকল্পনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিগগিরই ভিন্ন আঙ্গিকের একটি কাজের কথা সবাই জানতে পারবেন।