৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা এবং অন্যান্য নাটকটির পর রবীন্দ্রনাথের আরও একটি নাটকের নির্দেশনা দিতে যাচ্ছেন আজাদ আবুল কালাম। নাম অচলায়তন। নাটকটির পাণ্ডুলিপি পড়ার কাজ শুরু হয়েছে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ‘অচলায়তন’ নাটকটির কাজ এখন কোন পর্যায়ে?নাটকটির কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। বেশ কয়েক দিন রিডিং হয়েছে। তবে গুরুত্বসহকারে কাজ শুরু হয়নি। এমন হতে পারে, এ নাটকের আগে অন্য একটি নাটক মঞ্চে আনতে পারি।কী নাটক?এ মুহূর্তে বেশ কয়েকটি পাণ্ডুলিপি নিয়ে ভাবছি। এর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে লেখা কনসার্ট নামের একটি নাটক আছে। এ ছাড়া আমার নিজের লেখা ট্র্যাজেডি পলাশবাড়ি নামের একটি একক নাটক আছে। এটাও আগে করতে পারি।এর আগে রবীন্দ্রনাথের ‘রাজা’ নাটকটিকে গল্প ঠিক রেখে আপনি একটু ভিন্নভাবে মঞ্চে এনেছেন। সফলও হয়েছেন। ‘অচলায়তন’ নিয়ে কী ভাবছেন?সারা পৃথিবীতেই এখন নিরীক্ষাধর্মী নাটকের জয়জয়কার। রাজা এবং অন্যান্য নাটকটি আমরা একটু নিরীক্ষাধর্মী আঙ্গিক নিয়ে মঞ্চে এনেছিলাম। সেই চিন্তা নিয়ে আশা করছি, এবারও রবীন্দ্রনাথের অচলায়তনকে মঞ্চে আনব।আপনি নিজ দলের বাইরে একাধিক দলে নির্দেশনার কাজ করেন। এ ধরনের নাট্যচর্চা আমাদের থিয়েটারের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন?এতে করে থিয়েটারের সার্বিক উন্নয়ন হয়। নিজ দলের বাইরে নির্দেশনা দেওয়া যেমন নির্দেশকের জন্য ভালো, তেমন একজন অভিনেতা-অভিনেত্রীর জন্যও ইতিবাচক। নির্দেশক যেমন নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন, একইভাবে অভিনেতাদেরও নতুন নতুন জানা ও শেখার ক্ষেত্র তৈরি হয়; চ্যালেঞ্জ নিয়ে কাজ করার সুযোগ হয়।আপনি ২০১০ সালে ডেনিশ থিয়েটারে কাজ করেছেন। এরপর আর দেখা যায়নি। কেন?হ্যাঁ, সর্বশেষ দেশের বাইরে ডেনিশ থিয়েটারে ডায়েরি নামের একটি নাটক করেছিলাম। শিগগিরই দুই-তিনটি দেশ মিলে একটি নাটক মঞ্চে আনতে যাচ্ছি। তবে এখনই সবকিছু বলতে চাই না। এতটুকু বলব, নাটকটির প্রথম প্রদর্শনী বাংলাদেশে হবে।