এ মাসের ১৫ তারিখে ৭০ বছরে পা দিলেন কেরামত মাওলা। জীবনের এ পর্যায়ে এসেও অভিনয়ে দারুণ সক্রিয় তিনি। সম্প্রতি থিয়েটারের প্রযোজনা পায়ের আওয়াজ পাওয়া যায়-এর মাধ্যমে আবারও মঞ্চে অভিনয় করছেন। নিজের জন্মদিন ও নানা বিষয়ে এবারের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন কেরামত মাওলা। সাক্ষাৎকার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ১৫ নভেম্বর ৭০ বছরে পা দিয়েছেন আপনি। জন্মদিনটি কীভাবে কাটালেন?এই জন্মদিনটা যেন নাটকের ভাবনা ভাবতে ভাবতেই কেটে গেল। কারণ, জন্মদিনের আগের দিন ১৪ নভেম্বর থিয়েটার আর্ট ইউনিটের দুই দশক পূর্তি নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় থিয়েটারের প্রযোজনা পায়ের আওয়াজ পাওয়া যায়। এই নাটকে ৯০ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করি আমি। এ ছাড়া জন্মদিনের পরদিন ১৬ নভেম্বর ওই নাটক নিয়ে সিরাজগঞ্জের তরুণ নাট্য সম্প্রদায়ের আমন্ত্রণে সিরাজগঞ্জ গিয়েছিলাম। ফলে এবারের জন্মদিনটা কেটেছে মঞ্চাভিনয়ের ভাবনাতেই। তাহলে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়নি?আনুষ্ঠানিকতা আমার তেমন পছন্দের নয়, নিজের কোনো বিষয়ে তো নয়ই। তবু পরিবারের লোকজন কি ছাড়ে! ১৫ নভেম্বর রাতে আমার ছেলে ও ছেলের বউ একটি কেক নিয়ে এল, বেশ আয়োজন করে কাটা হলো কেকটি। এ সময় আমার দেড় বছর বয়সী নাতি এহান আমাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘হ্যাপি বার্থডে টু ইউ’-এর বদলে বলল, ‘হ্যাপি টু ইউ!’ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর মাধ্যমে এখন নিয়মিতই মঞ্চে দেখা যাচ্ছে আপনাকে। নিজের অভিনয়জীবন সম্পর্কে বলুন।আমার বয়স এখন ৭০ বছর। কিন্তু মজার ব্যাপার হলো, এর মধ্যে ৫৬ বছরই অভিনয়জীবন। ১৪ বছর বয়সে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই নাটকের মধ্য দিয়ে শুরু করেছিলাম অভিনয়। এখন যেখানে জোনাকি সিনেমা হল, তখন সেখানে ছিল মাঠ। সেই মাঠে মঞ্চস্থ হয়েছিল প্রযোজনাটি। এরপর স্বাধীনতা-পূর্ববর্তীকালে ড্রামা সার্কেল এবং স্বাধীনতা-পরবর্তীকালে থিয়েটার আরামবাগ, থিয়েটারসহ বিভিন্ন নাট্যদলে কাজ করেছি। মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করেছি আমি। চিত্রকলায় পড়ালেখা করে করলেন অভিনয়। আঁকাআঁকিতে আপনাকে সেভাবে দেখা যায়নি—এ বিষয়ে কী বলবেন?আমি ১৯৫৯ সালে ঢাকা আর্ট কলেজে ভর্তি হই। শিল্পী রফিকুন নবী আমার সহপাঠী। তবে আর্ট কলেজে ভর্তির আগে থেকেই অভিনয় আমার রক্তে মিশে গেছে। আমার প্রথম মঞ্চনাটক ভাড়াটে চাই দেখার পর শিল্পাচার্য জয়নুল আবেদিন আমায় বলেছিলেন, ‘তুই ভালো অভিনয় করিস।’ সেই অনুপ্রেরণা থেকেই অভিনয় করছি। বাংলাদেশের মঞ্চনাটক নিয়ে আপনার অভিমত...আমাদের মঞ্চনাটকের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই মাধ্যমে এখন তরুণ প্রজন্ম অনেক ভালো করছে। মঞ্চনাটকের আঙ্গিক ও শৈল্পিক বোধ পরিবর্তিত হয়েছে। সুতরাং সামনে মঞ্চনাটকের শুভ ভবিষ্যৎ।