৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিক আনাম খান। মঞ্চে শুরু ১৯৭৫ সাল। প্রথম দল নাটক। প্রথম অভিনয় নিহত সংলাপ নাটকে। পাশাপাশি কথক-এও কাজ করেছেন। এরপর নাটকের ওপর উচ্চশিক্ষা নিতে এনএসডিতে রওনা। ফিরে ১৯৮০ সালে নাট্যদল নামে দল গঠন। এর পর পরই থিয়েটারের সঙ্গে যুক্ত হন। ১৯৯০ সালে এসে নিজেই নাট্যকেন্দ্র গঠন করেন। থিয়েটার-জীবনের নানা কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।মঞ্চে নিজের প্রিয় চরিত্রনাট্যকেন্দ্র গঠন করে প্রথম দিকে ক্রসিবল, তুঘলক পরপর দুটি নাটক মঞ্চে আনি। নাটক দুটি বেশ জনপ্রিয়তা পায়। তুঘলক নাটকের তুঘলক ও ক্রুসিবল নাটকের জন প্রোক্টর চরিত্রে আমি অভিনয় করি। এই দুটি চরিত্রই আমার কাছে খুব প্রিয়।নিজ দলে মনে রাখার মতো নাটকনিজ দলে মনে রাখার মতো নাটকের কথা বলতে গেলে তুঘলক ও ক্রুসিবল নাটক দুটির কথাই বলব। এ ছাড়া বিচ্ছু নাটকটিও মনে রাখার মতো। বলা যায়, এ নাটকটি একসময় ঢাকার মঞ্চে ঝড় তুলেছিল। নাটকটি দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল।দলের বাইরে...সম্প্রতি আমি মিসরে নাটক করতে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকটি নাটক দেখার সুযোগ হয়েছিল। হ্যামলেট, থ্রি বয়েজ অ্যান্ড ওয়ান গার্ল, ইডিপাস—নাটকগুলো খুবই পছন্দ হয়েছে। আমার কাছে নাটকগুলো অসাধারণ লেগেছে। এ ছাড়া কয়েক দিন আগে অধ্যাপক জামিল আহমেদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রীরা সঙদের নিয়ে একটা নাটক করেছে। এই মুহূর্তে নাটকটির নাম মনে পড়ছে না। খুব ভালো লেগেছে নাটকটি।মঞ্চে প্রিয় সহশিল্পীদীর্ঘ থিয়েটার-জীবনে অনেকের সঙ্গেই অভিনয় করার সুযোগ হয়েছে। সবার সঙ্গে স্বচ্ছন্দে কাজ করেছি। তবে পছন্দের প্রথম দিকে সহশিল্পী হিসেবে নিমা রহমানের কথা বলা যায়। সম্প্রতি মৃত মানুষের ছায়া নাটকটিতে আমরা একই সঙ্গে কাজ করেছি। এ ছাড়া জাহিদ হাসান, তৌকীর আহমেদ, ঝুনা চৌধুরী, মোশাররফ করিমের কথা বলা যায়।থিয়েটার নিয়ে ভাবনাএখন যেভাবে কাজ করছি, তার চেয়ে আরও ভালোভাবে কাজ করতে চাই। পৃথিবীর মানুষের জীবনযাপনের ধারা পাল্টে যাচ্ছে। তার সঙ্গে তাল রেখেই নতুন নতুন ভাবনা, কল্পনা নিয়ে কাজ করতে চাই। কাজগুলো যাতে আন্তর্জাতিক মানের হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করব। জীবনে একটা ছোট্ট আশা ছিল স্টুডিও থিয়েটার থাকবে, প্রতিদিনই সেখানে নাটক হবে, নাটক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে, কিন্তু এখনো হয়নি। সেই ইচ্ছা এখনো আছে। গোটা পৃথিবী তো এখন এক পরিবার হয়ে আসছে, সে ধারণা থেকেই কাজ করতে চাই। সেখানে কাজের মধ্যে দেশীয় রূপ, দেশীয় সংস্কৃতি সবই থাকবে। সর্বোপরি থিয়েটার করার মধ্য দিয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই।