শামসুল আলম বকুল। ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে সখ্য তাঁর, তবে নিয়মিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। সময়টা ১৯৭৯ সাল। সেই সময় কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ে ‘অনুশীলন’ নাট্যদল গঠন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টাই থিয়েটার নিয়ে ব্যস্ততা। সেখান থেকে বেরিয়ে ঢাকায় এসে ১৯৮৪ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন। তিন বছর কাজ করার পর ১৯৮৭ সালে নিজেই ‘দেশ নাটক’ গঠন করেন। এখনো দেশ নাটকে কাজ করছেন। থিয়েটার-জীবনের নানা কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।মঞ্চে নিজের প্রিয় চরিত্র।আমি ছোটবেলা থেকেই থিয়েটার করি। পরে নিয়মিত হই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। সেখানে আমরা প্রথম অনুশীলন নাট্যদল গঠন করি। পরে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হই। এখন আছি দেশ নাটকে। এসব দলের একাধিক নাটকে অভিনয় করা হয়েছে। এত সব নাটকের মধ্যে আমার প্রথম অভিনয় করা প্রিয় চরিত্র দেশ নাটকের বিরসা কাব্য নাটকের বিরসা মুন্ডা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল থেকে ইবলিশ নাটকটি করা হয়েছিল। সেখানে আমি মেম্বার চরিত্রটি করি। এটিও আমার কাছে খুবই প্রিয় একটা চরিত্র। নিজের দলে মনে রাখার মতো নাটক।নিজের দলে আমার কাছে তিনটি নাটক খুবই প্রিয়। এই তিনটি নাটক সব সময়ই মনের মধ্যে গেঁথে থাকে। দেশ নাটক গঠন করার পর প্রথমই বিরসা কাব্য নাটকটি মঞ্চে আনি। নাটকটি এখনো মঞ্চায়িত হচ্ছে। এ ছাড়া আর দুটি নাটক হলো নিত্যপুরাণ ও পথনাটক মহারাজার গুণকীর্তন। নিত্যপুরাণ ঢাকার মঞ্চে একসময় ঝড় তুলেছিল। অন্যদিকে পথনাটক মহারাজার গুণকীর্তন নাটকটি স্বৈরাচারকে নিয়ে লেখা। এ নাটকটিও দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছিল।দলের বাইরে... ঢাকা ও ঢাকার বাইরে একাধিক দলের নাটক দেখার সুযোগ হয়েছে। দলের বাইরে মনে রাখার মতো নাটকের নাম বলতে গেলে প্রথমেই আরণ্যক নাট্যদলের গিনিপিগ নাটকের কথা বলতে হয়। নাটকটি আমার খুবই প্রিয়। দ্বিতীয় পছন্দের নাটক নাগরিক নাট্যসম্প্রদায়ের নূরলদীনের সারা জীবন। তালপাতার সেপাই নাটকটিও আমার ভালো লেগেছে। আমি বিমোহিত হয়েছি ঢাকা থিয়েটারের কীর্ত্তনখোলা নাটকটি দেখে। প্রিয় সহশিল্পী।মঞ্চে সহশিল্পী হিসেবে আমার প্রিয় নাজমা আনোয়ার। তিনি সহশিল্পী হিসেবে খুবই সহজ ছিলেন। বোঝাপড়াটা অনেক ভালো ছিল। এ ছাড়া সহশিল্পী হিসেবে ইসরাত নিশাত খুবই ভালো। মঞ্চে কাজের সময় মনের চাওয়াটা সহজেই তাঁর কাছ থেকে পাওয়া যেত। মঞ্চে অভিনয়ের সময় দেনা-পাওনাটা নাজমা আনোয়ার, ইসরাত নিশাতের অসাধারণ। দলের কার্যক্রম ঝিমিয়ে যাওয়া...এখন তো দলের কাজ নিয়মিতই হচ্ছে। এর মধ্যে আমরা ভক্ত ও প্রাকৃতপুরাঙ্গনা নামে দুটি প্রযোজনা মঞ্চে এনেছি। এর আগে কিছুদিন দলের কার্যক্রম একটু থেমে ছিল। এর পেছনেও কয়েকটি কারণ ছিল। প্রথমত, আমি ব্যক্তিগত কারণে দলে সময় দিতে পারিনি। ওই সময় আমার স্ত্রী অসুস্থ ছিল। দ্বিতীয়ত, মাসুম রেজা দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমরা নাটকের পাণ্ডুলিপি নিয়মিত পাইনি। তৃতীয়ত, দলের যাঁদের শিল্পী হিসেবে ধরা হয়, তাঁদের অনেকেই ওই সময় টেলিভিশনে ব্যস্ত হয়ে গিয়েছিলেন।