৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নাট্যকেন্দ্রের আরজচরিতামৃত নাটকটির ৫০তম প্রদর্শনী শেষ হলো। নাটকটির কেন্দ্রীয় আরজ আলী মাতব্বর চরিত্রটি প্রথম দিকে করতেন তানভীর হাসান। নাটকটি নতুনভাবে আবার মঞ্চে আনা হলে এখন আরজ চরিত্রটি নিয়মিত করছেন অবিদ রেহান। চরিত্রটি ধরে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।একসময় আরজ চরিত্রটি করতেন তানভীর হাসান। এখন করছেন আপনি। নিজের কাছে কেমন লাগছে?এটি একটা বিখ্যাত চরিত্র। খুবই ভালো লাগছে। চরিত্রটি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। এটি করতে পেরে আমি খুব খুশি। যখন মঞ্চে উঠি, তখন নিজের মধ্যে অন্য রকম অনুভূতি, উত্তেজনা কাজ করে। আমি অনেক দিন থেকেই থিয়েটার করি। এ চরিত্রটি আমার করা মঞ্চে শ্রেষ্ঠ চরিত্র। তানভীর হাসানের আরজ চরিত্রটি কি আপনার মধ্যে কোনো প্রভাব ফেলেছে?আমি মনে করি, কোনো প্রভাব পড়েনি। কেননা, তারিক ভাই যখন নাটকটি আবার নতুন করে মঞ্চে এনেছেন, তখন কিছু টেকনিক্যাল দিক পরিবর্তন করা হয়েছে। তবে যেহেতু এক গল্প, এক চরিত্র, সে ক্ষেত্রে কিছুটা হলেও তো এক হবে। তবে বডি মুভমেন্ট, কণ্ঠের ক্ষেত্রে তো আর এক হবে না। আমি মনে করি, চরিত্রটি এক হলেও আমি আমার মতো করেই কাজটি তুলে আনার চেষ্টা করেছি। সে ক্ষেত্রে তারিক আনামের দিকনির্দেশনা মূল ভূমিকা পালন করেছে। কখনো কি মনে হয়েছে, এ চরিত্রটি আপনি করবেন?নাটকটি নিজের দলের হওয়ায় একাধিকবার দেখার সুযোগ হয়েছে। প্রতিবারই মনে হতো, এ ধরনের বিখ্যাত চরিত্রে অভিনয় করার সুযোগ হলে ধন্য হতাম। মনে মনে স্বপ্ন দেখতাম চরিত্রটি করার জন্য। কিন্তু ঠিকই একটা সময় এসে এ চরিত্রটি করার সুযোগ হয়ে গেল। নিজের মধ্যে এখন অনেক ভালো লাগা কাজ করে। দর্শকের প্রতিক্রিয়া কেমন?গত ২৩ জুলাই নাটকটির ৫০তম প্রদর্শনী শেষ হয়েছে। এর আগে প্রথম থেকেই তানভীর হাসান আরজ চরিত্রটি করতেন। তিনি ১৮ কি ২০টি প্রদর্শনী করেছেন। বাকি প্রদর্শনীগুলোতে আমি এ চরিত্রটি করে আসছি। যেদিন থেকে আরজ চরিত্রটি করছি, ওই দিন থেকেই নাট্যকর্মী, দর্শকের উৎসাহ পেয়েছি। সবাই ইতিবাচক হিসেবে নিয়েছেন। নির্দেশক যেভাবে চেয়েছেন, আমি সেভাবেই দর্শকের কাছে চরিত্রটি পৌঁছে দিতে পেরেছি বলে মনে করি। আরজ চরিত্রটি করার আগে আপনার প্রস্তুতি কেমন ছিল?আসলে চরিত্রটি করার জন্য শরীরের গঠন হতে হবে হালকা-পাতলা। আমি তো শারীরিকভাবে বেশ মোটা ছিলাম। কয়েক মাস ধরে দৌড়ঝাঁপ করে শরীরের গঠন ঠিক করি। তা ছাড়া আরজ আলী মাতব্বরের যে বইগুলো আছে, তা বারবার পড়েছি। প্রতিনিয়ত তারিক আনাম খানের সঙ্গে চরিত্রটি নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে বুঝিয়েছেন। এ ছাড়া তারিক আনাম খান কাজটি করার আগে প্রায় এক মাস নাটকটির ওপর কর্মশালা করিয়েছেন। প্রথম দিকে আমরা চরিত্রটি দুজনে মহড়া করতাম। একটা পর্যায়ে আমাকে চূড়ান্তভাবে চরিত্রটি করার জন্য নেওয়া হয়।