৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর জাহিদ হাসান। মহাকাল নাট্যসম্প্রদায়ের সভাপতি। অভিনেতা, একজন সংগঠক। সম্প্রতি দল থেকে মঞ্চে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক অবলম্বনে নিশিমন বিসর্জন নাটকটি। এখানে মীর জাহিদ হাসান রঘুপতি চরিত্রে অভিনয় করেছেন। আজকের পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে কি প্রথম অভিনয় আপনার?বলা যায় প্রথম। খুব ছোটবেলায় ১৯৭৩ সালে মুন্সিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে অভিনয় করেছিলাম। তবে নিয়মিত থিয়েটার করতে এসে রবীন্দ্রনাথের নাটকে প্রথম অভিনয় করলাম। মহাকাল নাট্যসম্প্রদায় এ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে নাটক করে আসছে। এর বাইরে গিয়ে দল এবারই প্রথম রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনল।প্রথম হিসেবে অনুভূতি জানতে চাই।সব অভিনেতা-অভিনেত্রীরই রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করার স্বপ্ন থাকে। আমি যখন থেকে নিয়মিত থিয়েটার চর্চা করে আসছি, তখন থেকেই এ ধরনের সুযোগ খুঁজছিলাম। এবার সেই সুযোগ পেলাম। নিজের কাছে খুবই ভালো লাগা কাজ করছে। তবে রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করতে পেরে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এ কারণে যে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটি; এবং এটি সরকারি অনুদানের নাটক।রঘুপতি চরিত্রটি নিয়ে কী ভাবেন?এটি একটি জটিল চরিত্র। চরিত্রটি বিসর্জন নাটকের অন্যতম প্রধান। নাটকটির পরিণতিই নিয়ে যায় এ চরিত্র। তবে সময় বেশি পেলে হয়তো আরেকটু ভালোভাবে চরিত্রটি ফোটানো যেত। সময় কম ছিল। অনুদানের নাটক হিসেবে অনুদানের টাকা দেওয়ার সময় ফেডারেশন থেকে বলা হয়েছিল, দেড় মাসের মধ্যে নাটকটি মঞ্চে আনতে হবে। রবীন্দ্রনাথের নাটক করতে হলে প্রস্তুতি নিতেই দেড় মাস লাগে। নাটকটির মহড়া থেকে শুরু করে মঞ্চে আনা পর্যন্ত সময়টাই ছিল দেড় মাস। সেই হিসেবে সময় কম পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত চারটি প্রদর্শনী করেছি। আস্তে আস্তে নাটকটির ভিত্তি শক্ত হচ্ছে। আশা করছি, ভবিষ্যতে আরও ভালো অবস্থায় গিয়ে দাঁড়াবে এটি।শুনলাম, নাটকটি নিয়ে ত্রিপুরায় যাচ্ছেন?হ্যাঁ। নাটকটি নিয়ে আগামী অক্টোবরে আমরা ত্রিপুরা সফর করব। ত্রিপুরার পাঁচটি জেলায় ১৪ থেকে ২০ অক্টোবর নাটকটির পাঁচটি প্রদর্শনী হবে। এ জন্য আমরা এখন থেকেই নাটকটির শক্ত মহড়া করছি।দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে কাজ করছেন, নির্দেশনায় আসছেন না কেন?১৯৮৮ ও ১৯৮৯ সালে দল থেকে দূর্জন দূর হ ও শাসনগ্রাসী বান নামের দুটি নাটকের নির্দেশনা দিয়েছি। প্রথম নাটকটির ১৫টি আর দ্বিতীয় নাটকটির প্রায় ২৫টি প্রদর্শনী হয়েছিল সে সময়। এরপর আর নির্দেশনা দেওয়া হয়নি। দলের দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কাজ বেশি করতে হয়। নির্দেশনা দেওয়ার জন্য যে সময় দরকার, তা বের করাও কঠিন। আর আমি মঞ্চে অভিনয় করতেই বেশি পছন্দ করি। বর্তমান দলের চারটি প্রযোজনা ঘুম নেই, শিখণ্ডী কথা, অহম তমসায়, নিশিমন বিসর্জন—সব নাটকেই অভিনয় করছি।