মঞ্চে এল প্রাচ্যনাটের নতুন নাটক মায়ের আঁচল। আরনল্ড ওয়েস্কারের লেখা মূল গল্প অবলম্বনে এটি অনুবাদ করেছেন মুম রহমান। আর নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।নাটকটির প্রথম প্রদর্শনীতে দর্শকের কাছ থেকে সাড়া কেমন?নাটকটির প্রদর্শনী মোটামুটি ভালোই হয়েছে। কিছু টুকটাক কারিগরি সমস্যা ছিল। প্রথম প্রদর্শনী হিসেবে সব নাটকেই ছোটখাটো সমস্যা থাকে। নাটকটির প্রদর্শনী শেষে যাঁদের সঙ্গে আমার কথা হয়েছে, তাঁরা কেউই নাটকটি খারাপ বলেননি। এ ধরনের নাটক ঢাকার মঞ্চে এর আগে হয়নি। নাটকটিতে চারটি মেয়ের চরিত্র। চারজন চার মাকে নিয়ে কথা বলছেন। ভিন্ন ধরনের গল্প। বাংলাদেশে এ ধরনের নাটক প্রথম। ফলে দর্শকের কাছে নাটকটির স্বাদের ভিন্নতা ছিল।নাটকটি মঞ্চে আনার ভাবনা কীভাবে হলো?বর্তমান সময়ে আমাদের সমাজে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এ সমস্যা। মেয়েদের কৈশোর, যৌবন, বিবাহিত জীবনসহ নানা দিকের সমস্যাগুলো সমসাময়িক। সমস্যাগুলো অবাস্তব নয়। নিয়মিতই ঘটছে। বর্তমান সময়ে মেয়েদের বাস্তব এমন সমস্যা থেকেই নাটকটি মঞ্চে আনার আগ্রহ আসে। আমি মনে করি, এ ধরনের নাটক আরও বেশি মঞ্চে আনা জরুরি।কিন্তু এ ধরনের নাটক তো বেশি হচ্ছে না। এখনো ঢাকার মঞ্চের নাটকগুলো আগের ধারাতেই রয়ে গেছে। আপনার কী মনে হয়?আগের প্রজন্ম দর্শকের কথা ভেবে নাটক মঞ্চে আনত। এখনো অনেকেই আনছে। তারা ভেবে আসছে, কীভাবে নাটকে দর্শক আনা যায়। কিন্তু আমাদের প্রজন্মের এখন অনেকেই ভালো নাটক তৈরির কথা ভাবছে। তারা চিন্তা করছে, কত সহজ করে নাটক দর্শকের কাছে নিয়ে যাওয়া যায়। যে ভাবনাটা এখন সারা পৃথিবীতেই হচ্ছে। আমরা ভালো নাটক করতে চাই। ভালো নাটক করতে না পারলে দর্শকের কাছে নাটক নিয়ে যাওয়াও যাবে না। এ ধরনের নাটক মঞ্চে আনার মধ্য দিয়ে মঞ্চের বৈচিত্র্যও আনতে চাই। বর্তমান সময়ে আপনাদের প্রজন্মের অনেকেই পেশাদার থিয়েটার নিয়ে ভাবছেন। বিষয়টি কীভাবে দেখছেন?আরও আগেই পেশাদার থিয়েটার নিয়ে ভাবা উচিত ছিল। আগের নাট্যজনেরা ভেবেছেন, দর্শক আসবে নাটক দেখতে; আর আমরা ভাবছি, নাটক দর্শকের কাছে যাবে। ঢাকায় অনেকেই বসবাস করেন, যাঁরা প্রতিদিন যে থিয়েটার হয়, তা জানেন না। সাধারণ মানুষ থিয়েটার নিয়ে কাজের কথা জানে না। আমরা বিশ্বাস করি, নাটক সহজ করে মঞ্চে আনার মধ্য দিয়ে দর্শকের কাছে যেতে হবে। ফলে থিয়েটারকে পেশাদার হিসেবে নিয়ে নানাভাবে ব্যবহার করা সম্ভব হবে। এ জন্য আগের ধ্যান-ধারণা বাদ দিয়ে দর্শকের কাছে যাওয়ার জন্য পেশাদার থিয়েটারচর্চা আরও বেগবান করা যেতে পারে।ভবিষ্যতে থিয়েটার নিয়ে ভাবনা কী?থিয়েটার নিয়ে আমার ভবিষ্যৎ-ভাবনা একটাই, তা হলো আমি সহজ থিয়েটার করতে চাই। এবং তা নিয়ে নিয়মিতই নাটক মঞ্চায়ন করতে হবে। ফলে সহজেই নাটককে পথে-ঘাটে, মাঠে-বাজারে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যাবে। আর এখন যে আমরা ৩০-৪০ জনকে মঞ্চে এনে থিয়েটার করছি, তা দুই বছর পরপর করা যেতে পারে। কেননা, আমরা এ ধরনের নাটক নিয়ে সব জায়গায় যেতে পারি না। প্রতিবছর এ ধরনের নাটক করে মাত্র পাঁচ-সাতটি প্রদর্শনী করে বন্ধ করে দেওয়ার কোনো মানে নেই। তাই সহজ থিয়েটার করার মধ্য দিয়ে নিয়মিত থিয়েটার করাই হবে আমার মূল উদ্দেশ্য।