৫ ফুট ১০ ইঞ্চির মোশাররফ করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের উচ্চতা নিয়ে বেশ বিপাকে পড়েছেন মোশারফ করিম। নানা জায়গায় উচ্চতার জন্য তাঁকে বঞ্চনার শিকার হতে হয়। বিয়ের জন্য মেয়ে দেখতে রেস্টুরেন্টে গেলে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার পাত্রীও তাঁকে বেশ অপমান করে। অপমানিত হয়ে মোশাররফ করিম সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক তাঁকে ৫ ফুট ১০ ইঞ্চি হতেই হবে। আর লম্বা মেয়ে ছাড়া বিয়ে করবেন না। ভবিষ্যত্ বংশধরদের কথা চিন্তা করে জেসিকাকেও (মাশিয়াত) দূরে সরিয়ে দেন। কারণ, জেসিকাকে বিয়ে করলে তাঁর বংশধররা বাটুল হয়ে জন্মাবে। শুরু হয় তাঁর লম্বা হওয়ার নানান প্রক্রিয়া। তাই গাছে ঝোলা থেকে শুরু, ডাক্তার-কবিরাজ এমনটি মুচির কাছ থেকে ৩ ইঞ্চি হাইহিল জুতাও তৈরি করে নেন। কিন্তু ৫ ফুট ১০ ইঞ্চি হতে যে আরও অনেক দেরি। অনেক বৃথা চেষ্টার পর মোশাররফ করিমের বোধোদয় হয় পৃথিবীর অনেক খাটো লোকই অসম্ভব মেধাবী। ম্যারাডোনা, হিটলার, চে গুয়েভার, চার্লি চ্যাপলিনদের মতো অনেকেই আছেন, যাঁরা তাঁর মতোই খাটো। ঈদের জন্য নির্মিতব্য ‘৫ ফুট ১০ ইঞ্চি’ শিরোনামের নাটকে এমনই একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। মেজবাহ উদ্দিনের লেখা ‘৫ ফুট ১০ ইঞ্চি’ নাটকটি পরিচালনা করবেন শাহজাদা মামুন। মোশাররফ করিম ছাড়াও ‘৫ ফুট ১০ইঞ্চি’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন মাসিয়াত, রাখি, সৈয়দ দুলাল, রাশেদসহ আরও অনেকে।