এ১৪ জানুয়ারি দিনাজপুর শহরের বিকেলবেলার চিত্র। শিল্পকলা একাডেমি চত্বর তখনো মানুষের পদভরে জেগে ওঠেনি। এখানকার মানুষের শীতের বিকেল মানেই তাড়াহুড়া করে ঘরে ফেরার পালা। তা না হলে শীতে কাঁপিয়ে দেবে শরীর। উৎসব উদ্বোধনের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নাট্যকর্মী ও দর্শকদের আগমন যেন বাড়তে থাকে। ঠিক পাঁচটায় শিল্পকলা চত্বরে স্বাধীনতার ৪০ বছরের পথনাটকের উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জামাল উদ্দীন আহমেদ। পরপরই নাটক শুরু। দর্শকের যেন জেগে ওঠা শুরু হলো। কনকনে শীত কিন্তু দর্শকের যেন ক্লান্তি নেই। প্রথম নাটক পরিবেশন করল দিনাজপুর আমাদের থিয়েটার। নাটকের নাম স্বপ্ন পূরণের দিন। দ্বিতীয় নাটক শুরু হওয়ার আগেই শিল্পকলা চত্বরের খোলা আঙিনা প্রায় শ পাঁচেক দর্শকে ভরে গেল। চলছে উদীচীর পালকি নাটকটি। আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক বললেন, ‘আমাদের প্রেরণা দর্শক। দর্শক আছে বলেই আমরা থিয়েটার নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাই। প্রচণ্ড শীতেও দর্শক আমাদের সঙ্গে আছে।’ তিনি বললেন, ‘সত্যি এটি একটি ব্যতিক্রম আয়োজন। প্রতিবছরই ধারাবাকিভাবে যেন বাংলাদেশ পথনাটক পরিষদ এই চর্চাটা রাখে। আমরা মনে করি, পথনাটক মানেই মুক্তিযুদ্ধের কথা বলা। এই পথনাটকই আন্দোলন-সংগ্রামের হাতিয়ার। এভাবে সারা দেশে প্রতিবছরই উৎসব থাকলে গ্রামগঞ্জেও মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে যাবে।’উৎসবের দ্বিতীয় দিন ঠাকুরগাঁওয়ের চিত্রও একই। ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে উৎসব হয়ে গেল। এখানে ঠাকুরগাঁও থিয়েটার, শাপলা থিয়েটার ও নিচিন্তপুর থিয়েটার অংশ নেয়। ১৪ জানুয়ারি থেকে স্বাধীনতার ৪০ বছরের গৌরব বুকে ধারণ করে পথনাটক পরিষদ সারা দেশে পথনাটকের উৎসব আয়োজন করেছে। উৎসবকে সহযোগিতা করছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। প্রায় ৫০টি জেলায় শতাধিক পথনাটক অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে পথনাটকের সবচেয়ে বড় উৎসব এটি। চলবে আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত। আজ উৎসবের সপ্তম দিন। প্রায় ছয়টি জেলা অতিক্রম করে আজ এ উৎসব পৌঁছেছে ফরিদপুরে।উৎসব কমিটির আহ্বায়ক মান্নান হীরা বললেন, ‘আমরা বলেছি, এই উৎসব স্বাধীনতার ৪০ বছরকে ঘিরে এবং এটি বাংলাদেশের পথনাটকের ইতিহাসে সবচেয়ে বড় উৎসব। উৎসবে প্রাধান্য দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক-বিরোধিতামূলক নাটককে। এই উৎসব নাট্যকর্মীদের বলিষ্ঠ ও সংগ্রামী হয়ে ওঠার সাহস জোগাবে। এই উৎসবের মাধ্যমে স্বাধীনতার ৪০ বছরে নাট্যকর্মীদের অর্জনটা দর্শকের কাছে পৌঁছাবে বলে আমরা মনে করি।’উৎসব কমিটির সদস্যসচিব মিজানুর রহমান বললেন, ‘আমাদের মহান স্বাধীতার ৪০ বছর স্মরণীয় করে রাখতে আমরা এই আয়োজন হাতে নিয়েছি। সহযোগিতা করছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। ১৬ কোটি মানুষের দেশে রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক লক্ষ্য অর্জনে পথনাটক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।’