৫০ দেশের ২৪৩টি শিশুতোষ ছবি
তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে এবার ৫০টি দেশের ২৪৩টি শিশুতোষ ছবি প্রদর্শন করা হবে। এর মধ্যে আছে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন ছবি। আছে বাংলাদেশি শিশুদের নির্মিত ৩৪টি চলচ্চিত্রও। উত্সবের ছবিগুলো প্রদর্শন করা হবে বাংলাদেশ শিশু একাডেমী, স্টার সিনেপ্লেক্স, ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও উত্তরা কেন্দ্রে, ইউসেপ মিরপুর, খিলগাঁওয়ে পল্লীমা সংসদ এবং হাজারীবাগের কলেজ অব লেদার টেকনোলজিতে। অন্য দুটির মতো এবারের উত্সবেরও স্লোগান—‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’। কাল শনিবার বিকেল চারটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উত্সব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্সবের আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, উত্সব পরিচালক মোরশেদুল ইসলাম, মুনিরা মোরশেদ, সমন্বয়কারী শেখ সাজিদ, ইউনিসেফের আরিফা শারমিন প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াত চলচ্চিত্রকার তপন সিনহার প্রতি শ্রদ্ধা জানাতে এবার আয়োজন করা হয়েছে ‘তপন সিনহা রেট্রোস্পেকটিভ’। এখানে তপন সিনহা পরিচালিত সাতটি শিশুতোষ ছবি প্রদর্শন করা হবে। ২৬ জানুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে তপন সিনহার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেবেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রাজা সেন। উত্সবে সারা দেশ থেকে ১২৫ জন শিশু প্রতিনিধি অংশ নিচ্ছে। তাদের মধ্যে আছে ১০ জন সুবিধাবঞ্চিত ও ১০ জন প্রতিবন্ধী শিশু। তারা কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মেহতাব খানম ও মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে আড্ডার সুযোগ পাবে। উত্সবের পৃষ্ঠপোষকতা করছে ওয়ারিদ টেলিকম। সহযোগিতা করছে ইউনিসেফ। বিভিন্নভাবে সহায়তা করছে প্রথম আলো, চ্যানেল আই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অ্যাকশনএইড, মানুষের জন্য ফাউন্ডেশনসহ আরও কিছু প্রতিষ্ঠান।