৫০ বছর পূর্তিতে রোলিং স্টোনসের চার কনসার্ট
১৯৬২ সালে যাত্রা শুরু করেছিল ইংলিশ রক ব্যান্ড রোলিং স্টোনস। সম্প্রতি ব্যান্ডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মোট চারটি কনসার্টে অংশ নেবে তারা। আসছে নভেম্বর মাসে লন্ডনে দুটি এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও দুটি কনসার্টে অংশ নেবে রোলিং স্টোনস। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন রোলিং স্টোনসের বর্তমান চার সদস্য—মিক জ্যাগার, কিথ রিচার্ডস, রনি উড ও চার্লি ওয়াটস। এক খবরে এমন তথ্য জানিয়েছে সান অনলাইন।ব্যান্ডের মূল গায়ক মিক জ্যাগার বলেন, ‘৫০ বছর আগে লন্ডনে যাত্রা শুরু করেছিল রোলিং স্টোনস। লন্ডন আমাদের মাতৃভূমি। তাই রোলিং স্টোনসের ৫০ বছরের এ অভিযাত্রার বৃত্ত পূরণে লন্ডনেই প্রথম কনসার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মিক জ্যাগার আরও বলেন, ‘সত্যি বলতে, ৫০ বছর পূর্তি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলেও আমরা কেন জানি একটু হালকাভাবেই নিয়েছি এটা। এমনকি এ নিয়ে আমরা হাসিঠাট্টাতেও মেতেছি।’এ মুহূর্তে কনসার্টের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোলিং স্টোনসের সদস্যরা। ব্যান্ডের জনপ্রিয় প্রায় ৬০টি গানের নিয়মিত মহড়া চলছে প্যারিসে। দলের সাবেক বেস গিটারিস্ট বিল ওয়াইম্যানের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তিনি কনসার্টগুলোতে রোলিং স্টোনসের সঙ্গে এক মঞ্চে দাঁড়ান। ১৯৯২ সালে রোলিং স্টোনস ছেড়ে যান বিল ওয়াইম্যান।