৫০ বছরে অবসরের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় রক ব্যান্ড ‘রোলিং স্টোনস’ অবশেষে তাদের ৫০ বছর পূর্তিতে অবসরের ঘোষণা দিয়েছে। ১৯৬২ সালের এপ্রিলে যাত্রা শুরু করা এ ব্যান্ডের সদস্যরাও দীর্ঘ পথচলা আর বয়সের ভারে ন্যুব্জ প্রায়। এ ব্যান্ড দলে শুরুর দিকের সদস্য হিসেবে ছিলেন ব্রায়ান জোনস, আয়ান স্টুয়ার্ট, মাইক জ্যাগার, বিল ওয়াইম্যান, টনি চ্যাপম্যান, মাইক অ্যাভ্রোয় এবং ডিক টেইলর। এর মধ্যে বর্তমানে দলটিতে আছেন মাইক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস এবং রনি উড। শুরুর দিকে ব্যান্ড দলটির নাম ‘দ্য রোলইন স্টোন’ থাকলেও যাত্রা শুরুর পরের বছর ইউনিভার্সাল মিউজিক গ্রুপের ডেকা রেকর্ডস অর্জন করে দলটি নাম পরিবর্তন করে রাখে ‘দ্য রোলিং স্টোনস’।১৯৭১ সালে ব্রিটিশ সরকারের আরোপিত উচ্চহারের কর এড়াতে রোলিং স্টোনস ব্যান্ডটি অবসরের ঘোষণা দেয়। সে সময় দেশের মাটিতে একটি বিদায়ী কনসার্টের মাধ্যমে দেশও ছাড়েন দলের সদস্যরা। অল্প দিনেই সফলতা পাওয়া ব্যান্ডটির এত অল্প সময়ে অবসর নেওয়ার ঘোষণায় হতাশ হয়ে পড়েছিলেন দর্শকেরা। তবে শেষ পর্যন্ত সে সময়ে অবসরে যায়নি ব্যান্ড দলটি। দর্শকদের ভালোবাসা আর ভালো আয়োজনের মাধ্যমেই ১৯৯০ সালে আবার সংগীতাঙ্গনে ফিরে আসে দলটি। এ সময়ে আরবান জঙ্গল ট্যুরস শীর্ষক স্টিল হুইলস ব্যান্ড শোর মাধ্যমে আবারও নিজেদের পথচলা শুরু হয় রোলিং স্টোনসের। তবে এবারের অবসরের ঘোষণাটি সত্যিই হবে বলে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। আর ৫০ বছরের পূর্তিতে অবসরের ব্যাপারটি স্মরণীয় করে রাখতে ২০১২ সালের শেষের দিকে দলটি আয়োজন করবে বিদায়ী কনসার্টের। যার মাধ্যমে দীর্ঘদিনের রক গান করা ব্যান্ডটি নিজেদের যাত্রা শেষ করবে। দীর্ঘ এ পথচলায় সফলতার সঙ্গেই পাড়ি দিয়েছে ব্যান্ডটি। ৯০টি একক গান, ২৪টি স্টুডিও অ্যালবাম, আটটি কনসার্টভিত্তিক অ্যালবাম প্রকাশের রেকর্ড গড়েছে দলটি। সর্বকালের সেরা ব্যান্ড তালিকায় জায়গা করে নেওয়া রোলিং স্টোনস সব সময়ের সেরা ৫০০টি অ্যালবামের মধ্যে নিজেদের বেশ কয়েকটি অ্যালবামও যুক্ত করেছে। শুধু কনসার্টের মাধ্যমেই নয়, নিজেদের প্রকাশিত অ্যালবাম বিক্রির মাধ্যমেও দলটি আয় করেছে বিশাল অঙ্কের অর্থ। যা প্রায় ২০০ মিলিয়ন ডলারের চেয়ে বেশি!দলের অন্যতম সদস্য ৬৭ বছর বয়স্ক স্যার মাইকেল ফিলিপ সংক্ষেপে যিনি মাইক জ্যাগার নামে পরিচিত, তিনি একাধারে শিল্পী, গীতিকার, সংগীতজ্ঞ এবং অভিনেতা। দলের পাশাপাশি নিজের রয়েছে অনেক একক গান এবং অভিনয় করেছেন অনেক ছবিতে। দলের আরেক সদস্য ৬৬ বছর বয়স্ক কিথ রিচার্ডস গেয়েছেন অনেক গান এবং করেছেন অভিনয়ও। অন্য দুই সদস্য ৬৯ বছর বয়স্ক চার্লস রবার্ট ওয়াটস, যিনি চার্লি ওয়াটস নামে পরিচিত এবং ৬৩ বছর বয়স্ক রোনাল্ড ডেভিড উড, যিনি রনি উড নামে পরিচিত, তাঁরাও গেয়েছেন অনেক জনপ্রিয় গান। এত বয়স্ক ব্যান্ড দলের সদস্যদের দর্শকপ্রিয়তা বেশ চমকপ্রদ। বিভিন্ন সময়ে আয়োজিত ব্যান্ড শো এবং অ্যালবামের বিক্রি দেখেই তা সহজে অনুমেয়।ভালো গান আর ব্যান্ড শোর মাধ্যমে দর্শকদের হূদয়ে আসন করে নেওয়া রোলিং স্টোনস এবার সত্যি সত্যিই যাচ্ছে অবসরে। তাদের এ সিদ্ধান্ত অনেক দর্শকই মেনে নিতে পারছেন না। তাঁদের আশা, আগের বারের মতোই ব্যান্ডটি আবারও ফিরে আসবে এবং কনসার্ট মাতাবে।  নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট