৫০ হাজার রুপি জরিমানা গুনলেন রণবীর
মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে ৫০ হাজার ভারতীয় রুপি জরিমানা গুনতে হলো বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে। লন্ডন থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে নেমেই বিপাকে পড়েন রণবীর। শুল্কমুক্ত বেশ কিছু পণ্য পাওয়া যায় তাঁর কাছে। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত না করায় তাঁকে ঘণ্টা তিনেক আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ৫০ হাজার ভারতীয় রুপি জরিমানা দেওয়ার পর বিমানবন্দর ত্যাগের অনুমতি পান তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে আজ সকালে লন্ডন থেকে দেশে ফেরেন রণবীর। সেখানে এ ধরনের ঝামেলায় জড়িয়ে প্রথমবারের মতো এমন ভোগান্তি পোহাতে হয় তাঁকে। অতীতেও তিনি বিদেশ থেকে শুল্কমুক্ত পণ্য দেশে এনেছেন এবং প্রতিবারই বিমানবন্দর কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পেরেছেন। এর আগে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আটকে রেখে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সঙ্গে থাকা ১.২৪ লাখ মার্কিন ডলার সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষকে না জানানোর কারণেই এমন ভোগান্তি পোহাতে হয়েছিল তাঁকে।