৫০টি প্রেক্ষাগৃহের জন্য ৫০ কোটি

দেশের ৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) উদ্যোগ নিচ্ছে। গত মঙ্গলবার ‘সিনেমা হলে ডিজিটাল প্রদর্শন সিস্টেম প্রবর্তন’ শীর্ষক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের ৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়ন করতে ৫০ কোটি টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
সারা দেশের প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্পে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমারকে সভাপতি এবং এফডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ, উপদেষ্টা মিয়া আলাউদ্দীন ও সাজেদ হোসেন।
সুদীপ্ত কুমার বলেন, ‘প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্প নিয়ে সবাই বেশ আন্তরিক। আশা করি, এবার প্রকল্পটি বাস্তবায়ন হবে। সবার আন্তরিক প্রচেষ্টায় এটি আলোর মুখ দেখবে। এটা ঠিক যে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।’
আমির হোসেন বলেন, ‘প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা এরই মধ্যে কয়েকটি সভা করেছি। সর্বশেষ সভায় বাজেট চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই বাজেট তৈরি করা হয়েছে।
৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়নের প্রকল্পে কী থাকছে? আইয়ুব আলী বলেন, ‘প্রেক্ষাগৃহগুলোয় সারাউন্ড সাউন্ড ও ডিসিআই প্রদর্শন প্রযুক্তি যুক্ত করা হবে। যাতে দর্শক ছবি দেখে আনন্দ পান। তবে প্রেক্ষাগৃহের অভ্যন্তরীণ সংস্কার মালিকদের করতে হবে। আর প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য মালিকদের যে সহযোগিতা করা হবে, নির্দিষ্ট সময় পর তা সরকারকে পরিশোধ করে দিতে হবে।’
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘চলচ্চিত্রের প্রতি আমাদের সরকারপ্রধান খুবই আন্তরিক। দেরিতে হলেও তাঁর নির্দেশনা বাস্তবায়িত হতে যাচ্ছে। এটি এই শিল্পের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। তবে এটাও ঠিক যে শুধু প্রেক্ষাগৃহ আধুনিক করলে হবে না, প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে হলে দর্শকপ্রিয় ও মানসম্মত ছবি দরকার।’
ইফতেখার উদ্দিন আরও বলেন, ‘সরকারের কাছে অনুরোধ, যারা চলচ্চিত্রের কারিগরি বিষয় সম্পর্কে জানে না, যন্ত্রপাতির ব্যাপারে যারা অনভিজ্ঞ, তাদের বা সেই ধরনের কোনো প্রতিষ্ঠানকে যেন এ প্রকল্পের সঙ্গে যুক্ত করা না হয়। তা না হলে সরকারের এই পুরো প্রকল্প ভেস্তে যাওয়ার সম্ভাবনা বেশি।’