৫০তম মঞ্চায়নে ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঢাকার কোনো নাটকের দলের নাটকের অর্ধশততম মঞ্চায়ন হবে ঢাকার বাইরে। নাগরিক নাট্যসম্প্রদায়ের জনপ্রিয় প্রযোজনা ছায়ানট নাটকটির ৫০তম মঞ্চায়ন হবে সিলেটে। উৎপল দত্তের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী যাকের। আগামীকাল বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট টাউন হলে নাটকটির ৪৯তম ও ৫০তম মঞ্চায়ন হবে। সিলেটের নবশিখা নাট্য গোষ্ঠীর আমন্ত্রণে এখানে নাটকটির এই বিশেষ দুটি প্রদর্শনী হবে। এদিকে নাটকটির বিশেষ দুটি প্রদর্শনী উপলক্ষে আজ দুপুরে নাগরিক নাট্যসম্প্রদায়ের একটি দল সিলেটের পথে রওনা হয়েছে। ঢাকার বাইরে নাটকটির ৫০তম মঞ্চায়নকে একটা ইতিবাচক দিক হিসেবে দেখছেন নাটকটির নির্দেশক আলী যাকের। তিনি বলেন, ‘এটি খুবই ভালো যে, ঢাকার বাইরে নাটকটির পর পর দুটি প্রদর্শনী করতে পারছি। তাও আবার এখানে বিশেষ ৫০তম মঞ্চায়ন হচ্ছে নাটকটির। এ কারণে আমার খুবই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ঢাকার বাইরে নাটক প্রদর্শনী করতে পারছি। ঢাকায় মিলনায়তন সমস্যা। তাই ঢাকার বাইরে যত বেশি যাওয়া যায়, ততই ভালো। কেননা, বিভিন্ন জেলায় নাটক প্রদর্শন করতে পারলে নাটকের প্রদর্শনীও বেশি করা যায় আবার নানান ধরনের দর্শককে নাটক দেখানো সম্ভব হয়। নাটকের কর্মীদেরও নতুন নতুন অভিজ্ঞতা হয়।’আলী যাকের জানান, সিলেট থেকে নাটক প্রদর্শনী শেষে ২১ মে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৫১তম প্রদর্শনী দিয়ে ৫০তম প্রদর্শনীর সেলিব্রেট করা হবে। পঞ্চাশের দশকের বাংলা ও ভারতীয় ছবির ওপর ভিত্তি করে হাস্যরস নিয়ে এই নাটকটি মঞ্চে এসেছে। নাটকটিতে অভিনয় করেছেন আলী যাকের, পান্থ শাহরিয়ার, নাজনীন নাজ, ফখরুজ্জামান চৌধুরী, তাহনিনা ইসলাম, নাজনীন নাজ, ঝুমু, এ কে আজাদ, রওনক হাসান প্রমুখ।ছায়ানট নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৭ সালে।