৫২ বছর বয়সী বিটিভিতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলফি কর্নারে দাঁড়িয়ে মাইক্রোফোনে কথা বলছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বলছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫২ বছর পূর্তির অনুভূতি। এই অনুভূতি আর আবেগের সম্মিলন ঘটল গতকাল রোববার। বাংলাদেশ টেলিভিশনের ৫২ বছর পূর্তি উপলক্ষে রামপুরা টেলিভিশন ভবনে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিটিভির নতুন-পুরোনো অভিনয়শিল্পী ও বিভিন্ন বিভাগের কর্মীরা। সূচনা বক্তব্য ও বিটিভির যন্ত্রসংগীতশিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, সজীব, কিরণ চন্দ্র রায় ও গানের দল চিরকুট। ৫২ পাউন্ডের কেক কাটার পাশাপাশি ওড়ানো হয় বেলুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, তথ্যসচিব মরতুজা আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, শিল্পী মুস্তাফা মনোয়ার, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদসহ অনেকেই। উল্লেখ্য, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বিটিভির আত্মপ্রকাশ। ১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন একটি সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয়।