৫৭ পেরোলেন ‘ভারতের গ্রেটা গার্বো’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ বছরে পা রাখলেন ‘বলিউড ডিভা’ তকমা পাওয়া ভারতের প্রখ্যাত অভিনেত্রী রেখা। ১৯৫৪ সালের ১০ অক্টোবর ভারতের তামিলনাড়ুতে জন্ম হয়েছিল ভানু রেখা গণেশনের। তবে সবাই তাঁকে রেখা নামেই চেনে। অসাধারণ সৌন্দর্য আর অভিনয়প্রতিভার গুণে আজও লাখো ভক্তের হূদয়েশ্বরী হয়ে আছেন একসময়ের পর্দাকাঁপানো ‘ভারতের গ্রেটা গার্বো’ হিসেবে খ্যাত এই অভিনেত্রী। রেখা জন্মেছিলেন তামিল অভিনেতা জেমিনি গণেশন ও তেলেগু অভিনেত্রী পুষ্পবালির ঘরে। ১৯৬৬ সালে তেলেগু ছবি ‘রাংগুলা রত্নম’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের পথে যাত্রা শুরু করেন রেখা। ১৯৭০ সালে বলিউডের ‘শাওন ভাদর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এ ছবির মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক সফল ছবি উপহার দিলেও শরীরের বাড়তি ওজন আর গাত্রবর্ণের কারণে তখন অনেক সমালোচনা সইতে হয় রেখাকে। পরে যোগচর্চা, খাদ্যাভ্যাস আর নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে তিনি আমূল বদলে ফেলেন। আবির্ভূত হন ‘ভারতের গ্রেটা গার্বো’ রেখা। সত্তরের দশকের শেষের দিকে নতুন রূপে রুপালি জগতে প্রত্যাবর্তনের পর বলিউডের ‘অন্যতম আবেদনময়ী অভিনেত্রী’র তকমা যুক্ত হয় তাঁর নামের সঙ্গে। একের পর এক দৃষ্টান্ত স্থাপনকারী সব চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে থাকেন তিনি। সৌন্দর্য আর প্রতিভার মেলবন্ধনে তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। চল্লিশ বছরের পেশাজীবনে ১৮০টির বেশি ছবিতে অভিনয় করেন রেখা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘খুবসুরত’, ‘খুন ভারি মাং’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘সোহাগ’, ‘জানি দুশমন’, ‘সিলসিলা’, ‘উত্সব’, ‘কামাসূত্রা: এ টেল অব লাভ’, ‘খিলাড়িও কি খিলাড়ি’, ‘ভূত’, ‘কোয়ি মিল গায়া’, ‘কৃষ’ প্রভৃতি। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া ‘শাদিয়া’ ছবিতে দেখা গেছে রেখাকে। তাঁর অভিনীত ‘কৃষ ৩’ ছবিটি মুক্তি পাবে ২০১৩ সালে। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবির নামভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন গুণী এ অভিনেত্রী। আরও অনেক পুরস্কার তাঁর স্বীকৃতির ঝুলি সমৃদ্ধ করেছে।