৬ ডিসেম্বর 'আকাশ কত দূরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ কত দূরে ছবির দৃশ্যে ফারিয়া ও মোস্তফা প্রকাশ
আকাশ কত দূরে ছবির দৃশ্যে ফারিয়া ও মোস্তফা প্রকাশ

জন্ম দিয়েই মা মারা যায় বিচ্ছুর। ১০ বছর বয়স পর্যন্ত সে গ্রামের একটি শিশু সদনে বেশ আরামেই ছিল। এরপর তাকে যেতে হয় এতিমখানায়। কিন্তু সেখানে অতিমাত্রায় শাসন ও অত্যাচারে অতীষ্ঠ হয়ে ওঠে সে। একসময় পালিয়ে চলে আসে ঢাকায়। পকেটে কোনো টাকা নেই। বন্ধুত্ব হয় আরও দুই অনাথ বালক বুলেট ও জসিমের সঙ্গে। ওদের হাত ধরে চলে আসে অন্ধকার জগতে। এখানে পরি তাকে খুব স্নেহ করে। পরি বিয়ের নামে প্রতারণা করে বেড়ায়। এক অপারেশনে গিয়ে ধরা পড়ে বিচ্ছু। বিচ্ছুর মাঝে নিজের হারানো সন্তানের ছায়া খুঁজে পান রাজ্জাক। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে আকাশ কত দূরে। পরিচালনা করেছেন সামিয়া জামান। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। প্রযোজনা করেছে ইমেপ্রস টেলিফিল্ম ও ভার্সা মিডিয়া। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, ফারিয়া হোসেন, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান।
চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান জানান, আগামী ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সামিয়া জামান জানান, আকাশ কত দূরে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র বলতে যা বোঝায়, এটি সে রকম।
জুলফিকার রাসেল বলেন, ‘এটি আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই সরকারের অনুদান পেয়ে যাব, ভাবিনি।’