৬ শিল্পীর 'জলকেলি'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১-এ গতকাল মঙ্গলবার দুপুরে শুরু হয়েছে ছয় তরুণ শিল্পীর জলরঙের শিল্পকর্ম নিয়ে ছয় দিনব্যাপী ‘জলকেলি’ শীর্ষক প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী জামাল আহম্মেদ ও আনিসুজ্জামান।
এই ছয় শিল্পীর মধ্যে আরিফুল ইসলাম জলরঙের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন পুরান ঢাকার জীবনযাত্রা। ইস্কান্দার মির্জা এঁকেছেন ফুল, লতাপাতা। গ্রামীণ জীবন ও প্রকৃতিতে আলোর উপস্থিতি ফুটিয়ে তুলেছেন সৈকত হোসাইন। জান্নাতুল ফেরদৌস কেয়ার চিত্রকর্মে রয়েছে শিম ফুল, কুমড়ো ফুলসহ প্রকৃতির নানা অনুষঙ্গ। রফিকুল ইসলাম তুলে ধরেছেন যান্ত্রিক জটিলতা। শেখ ফাইজুর রহমানের আঁকায় মূর্ত হয়েছে জাহাজ ও নানা নৌযান। মূর্ত এসব চিত্রকর্মগুলো জলরঙে আঁকা হলেও রয়েছে কৌশল ও আঙ্গিকের বৈচিত্র্য।
৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।