৬০ হাজার টাকায় শুরু 'বাপজানের বায়োস্কোপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল রিজু
রিয়াজুল রিজু

বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার রিয়াজুল রিজু। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তাঁর প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’। ছবি বানানোর পেছনের গল্প ও তরুণ চলচ্চিত্রকারদের সংকট নিয়ে কথা হলো প্রথম আলোর সঙ্গে।

ফোন অফ! শুটিং শুরুর বাকি আছে দুই দিন। কিন্তু প্রযোজকের খোঁজ নেই। ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। এদিকে সিরাজগঞ্জের লাঙল মোড়া গ্রামের এক চরে সিনেমার সেট ফেলা হয়েছে। নিজের জমানো ৬০ হাজার টাকা নিয়ে ১২০ জনের টিমসহ উপস্থিত পরিচালক। বুঝতে পারছেন না কী করবেন? জানালেন অভিনেতা শতাব্দী ওয়াদুদকে। শতাব্দী বললেন, ‘তুই টেনশন করিস না। হয়ে যাবে সব। আমরা আমরাই তো। চল শুরু করি।’
সেই তো শুরু। শেষটা হলো একেবারেই ইতিহাস গড়ে। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভরিয়ে ফেলল ঘর। তরুণ পরিচালক রিয়াজুল রিজুর প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ আট ক্যাটাগরিতে তুলে নিল নয়টি পুরস্কার। শুরুটা কিন্তু অত সহজ ছিল না।
রিয়াজুল রিজু বলেন, ‘২০১৩ সালের শেষের দিকে এস এ টিভিতে কাজ করতাম। সে সময় আমি প্রামাণ্যচিত্রভিত্তিক একটি অনুষ্ঠান করতাম “চারপাশ” নামে। অনুষ্ঠানটি ছিল বিভিন্ন পেশাজীবীদের নিয়ে। ওই সময় সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে চর পয়লা এলাকায় মুসা ভাইকে পাই। তিনি সম্ভবত বাংলাদেশের শেষ বায়োস্কোপওয়ালা। তাঁকে খুঁজে বের করে এস এ টিভির “চারপাশ” অনুষ্ঠানে তার ওপর একটা প্রামাণ্যচিত্র বানাই। তখন মাথায় আসে যে বায়োস্কোপওয়ালা নিয়ে একটা সিনেমা বানাব।’ নিজের ব্যস্ততায় পাণ্ডুলিপি লেখার সময় নেই। অত অভিজ্ঞতাও হয়নি। চলে গেলাম নাট্যকার মাসুম রেজার কাছে। শুরু হলো “বাপজানের বায়োস্কোপ” ছবির যাত্রা।’
‘বাপজানের বায়োস্কোপ’ ছবি চরের সেই বায়োস্কোপওয়ালার জীবনকে দেখিয়ে দেয়। প্রথম সিনেমাই চর জীবনের প্রতিচ্ছবি কেন? রিজুর ভাষায়, চরের সঙ্গে তাঁর সম্পর্কটা সেই ছোট থেকেই। বেড়ে ওঠা শহরে হলেও পূর্বপুরুষদের বাড়ি চরে। ধলেশ্বরী নদীর তীরে সুবর্ণতলীতে জন্ম তাঁর। চরের সঙ্গে রিজুর নাড়ির টান।
বাবা চেয়েছিলেন ছেলে হয়তো তাঁর পেশার দিকে যাবেন। টাঙ্গাইলে বাবার হোমিওপ্যাথির চেম্বার। রিজুও শিখেছেন হোমিওপ্যাথি। কিন্তু বাবার চেম্বারে কখনো বসা হয়নি। মাথার ভেতর সিনেমার পোকাগুলো যে কুট কুট করে কামড়ায়। সিনেমাকে ভালোবাসেন পাগলের মতো। সেই যাতনা কিংবা পাগলামিতেই কি মাত্র ৬০ হাজার টাকা নিয়ে নেমে গিয়েছিলেন প্রথম দিনের শুটিংয়ে? হয়তো। সেদিনের মতো শুটিং করেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের শুটিং কীভাবে হবে, তা নিয়ে চিন্তা করছিলেন শটের ফাঁকে ফাঁকে। তখন পাশে এসে দাঁড়ালেন একজন বড় ভাই। কোনো এক কালীপূজায় পরিচয় হয়েছিল তাঁর সঙ্গে। আশ্বাস দেন তিনি। শেষ হয় প্রথম লটের শুটিং।
এরপরে পাশে দাঁড়িয়েছেন আত্মীয়, সুহৃদ, স্বজনেরা। পেশাদার কোনো প্রযোজক আসেননি এগিয়ে। তরুণ নির্মাতাদের জন্য এ এক পথের কাঁটা। নিজেই হয়ে যেতে হয় তাঁদের প্রযোজক। অর্থগুলো আসে সুহৃদদের কাছ থেকেই। কখনো বিক্রিও করতে হয় নিজের ভালো লাগার কিছুও। শোনা যায়, সদ্যপ্রয়াত তরুণ নির্মাতা রাসেল আহমেদ ছবির জন্য বিক্রি করেছিলেন গ্রামের জমি। আর রিজু? পোস্ট প্রোডাকশন শেষে যখন প্রচারের কাজে ব্যানার-পোস্টার করবেন, তখন হাতটা একেবারেই খালি। মানসিক অবস্থাও বেসামাল। এগিয়ে এলেন নিজের স্ত্রী। সিনেমাটির জন্য উৎসর্গ করেছিলেন নিজের গয়না। নিজের স্ত্রীর মতো পুরো সিনেমা দল পাশে দাঁড়িয়েছিল রিজুর। কৃতজ্ঞতায় বাঁধলেন তাঁদের।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১৫ আসরে নির্বাচিত সেরা সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’-এর দৃশ্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১৫ আসরে নির্বাচিত সেরা সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’-এর দৃশ্য

তবে ছবি মুক্তির ব্যাপারটি ভুগিয়েছে তরুণ এ নির্মাতাকে। বললেন, ‘পরিবেশনায় গিয়ে আমি ধাঁধায় পড়ে যাই। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সগুলো দেখছি, দেখব, খালি নাই বলে ঘুরাতে থাকে। তারপর কাকরাইলে এক পরিবেশককে দিই। কিন্তু আমার সিনেমাটা ওরা কীভাবে চালাল, কোথায় চালাল এখনো পরিষ্কারভাবে জানি না। আমাদের দেশে এই জায়গাটা খুবই অপরিষ্কার।’
তবুও তরুণ চলচ্চিত্রকারেরা সিনেমা বানান। রিজুও শিগগিরই শুরু করবেন নতুন ছবির কাজ। এবারের ছবিটি একেবারেই নিটোল প্রেমের কাহিনির। রিজুর মতে, ‘বাজারে মিষ্টি প্রেমের গল্প তেমন হচ্ছে না।’ তরুণ চলচ্চিত্রকারদের এমন সংগ্রামী পথ পেরিয়ে জন্ম নেয় একটি ছবির। পথে থাকে প্রচুর বাধাবিপত্তি। তবুও তাঁরা ছবি বানাবেন। কারণ তাঁরা স্বপ্নবান। রিজু বললেন, ‘স্বপ্নবানদের জন্যই দেশ। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, দেশ স্বাধীন হয়েছে এই স্বপ্নবানদের জন্য। যারা খেয়ে না খেয়ে সংগ্রাম করেছে। স্বপ্ন দেখেছে। পৃথিবী এগিয়ে যেতে হলে কিছু স্বপ্নবান পাগলদের তো জন্ম হতেই হবে।’