৬০০তম মঞ্চায়নের পথে কঞ্জুস!
ঢাকার মঞ্চে মঞ্চনাটকের আরেকটি ইতিহাস রচনা হতে চলেছে। এর আগে নাটকটি ৫০০তম রজনী পার করে মঞ্চে ইতিহাস রচনা করেছিল। আরও এক ধাপ এগিয়ে গেল নাটকটি। এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ৬০০তম মঞ্চায়নের দিকে এগিয়েছে নাটকটি। হ্যাঁ, লোকনাট্যদলের কঞ্জুস নাটকটির কথা বলা হচ্ছে। ঢাকার মঞ্চে হাসির নাটক নামে খ্যাত কঞ্জুস নাটকটির ৬০০তম রজনীর পথে। ৫৯৯তম প্রদর্শনীটি হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে। আগামী এপ্রিল মাসেই ৬০০তম রজনী প্রদর্শনী করেই মাইলফলক গড়বে নাটকটি। নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ‘আমরা নাটকটি নিয়ে অবিরাম প্রদর্শনী করে আসছি দীর্ঘ ২৬ বছর ধরে। এতগুলো প্রদর্শনীর পথে কখনোই দর্শকের কমতি দেখা যায়নি। আমরা দর্শককে সঙ্গে নিয়েই ৬০০তম প্রদর্শনী করে মঞ্চনাটকের এই বিজয় দেখতে যাচ্ছি। ঢাকার মঞ্চে কোনো নাটকের এতগুলো প্রদর্শনী এই প্রথম।’ তিনি আরও বললেন, ‘শুধু ঢাকাতেই এর জনপ্রিয়তা সীমাবদ্ধ নয়, দেশের বাইরেও এর জনপ্রিয়তা ছড়িয়েছে। ফলে আমরা ভারত, যুক্তরাজ্য, হংকংসহ বেশ কয়েকটি দেশে নাটকটি প্রদর্শন করার সুযোগ পেয়েছি। এসব দেশের বাংলা ভাষাভাষি দর্শকের কাছে নাটকটি এখনো তুমুল জনপ্রিয়।’লিয়াকত আলী লাকী জানান, আগামী মাসের একটি নির্দিষ্ট তারিখে নাটকটি ৬০০তম রজনী ছুঁয়ে যাবে। পুরান ঢাকার যাপিত জীবন নিয়ে এবং সাম্প্রতিক বিষয়গুলোকে সামনে তুলে এনে নির্মল হাস্যরসের মধ্য দিয়ে নাটকটির গল্প এগিয়েছে। নাটকে অভিনয় করছেন শামীমা ইসলাম তুষ্টি, মাসুদ সুমন, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, আজিজুর রহমান সুজন, জেবুন্নেসা সোহবান, আলীফ, খোদেজা মুসতারী মাহীন, আবু বকর বক্শী, আবদুল্লাহ মামুন প্রমুখ।বিখ্যাত নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে এটি রূপান্তর করেছেন তারিক আনাম খান। ১৯৯৬ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে।