৬৮টি প্রদীপের আলো

জন্মেছিলাম সাত আষাঢ়ের বৃষ্টিভেজা ভোরে/ আঁতুড়ঘরে তুষ ভিজেছে উশ্যিলার তরে/ সেই সুবাদে বলতে পারি বর্ষা আমার মাতা/ পুত্রদেহে জড়ানো তার ছেঁড়া শাড়ির কাঁথা।’—নিজের জন্মদিন প্রসঙ্গে বলতে গিয়ে নিজের কবিতার চরণগুলো এভাবেই গড়গড় করে বলে গেলেন কবি নির্মলেন্দু গুণ। কিন্তু হঠাৎ কেন আসছে তাঁর জন্মদিনের কথা? কারণ, মাত্র পার হওয়া জুন মাসের ২১ তারিখ ছিল নির্মলেন্দু গুণের ৬৮তম জন্মদিন। আর এ বছরের ২১ জুন কবির জয়ন্তী বেশ সাড়ম্বরেই উদ্যাপন করেছে আবৃত্তি সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।
সেদিন শুক্রবার কবির জন্মদিনে অনুষ্ঠানস্থল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছিল সাজ সাজ রব। কবি এলেন বিকেল চারটায়। দেখলেন তাঁর কবিতা ‘হুলিয়া’কে উপজীব্য করে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র হুলিয়া। এরপর শুরু হলো কবিতা আবৃত্তি—সব সময় প্রথাবদ্ধভাবে মঞ্চে নয়, দর্শকের মধ্যে বসে আছেন নির্মলেন্দু গুণ, তাঁর সামনেই নবীন-প্রবীণ আবৃত্তিকারেরা একে একে আবৃত্তি করছেন তাঁর কবিতা।
অনুষ্ঠানের একপর্যায়ে জ্বলে উঠল ৬৮টি প্রদীপ। কবির ৬৮ বছরে পদার্পণের দিনকে আরও স্মরণীয় করে রাখতে দর্শক-শ্রোতারা ৬৮টি প্রদীপের আলোয় আলোকিত করলেন পুরো মিলনায়তন।
কবির কাছের মানুষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, মোহম্মদ সামাদ প্রমুখেরা তাঁদের বক্তব্যে শুভেচ্ছা জানালেন কবিকে। বিকেল চারটা থেকে রাত ১১টা অবধি নির্মলেন্দু গুণের জন্মদিনে সেদিন আরও অনেক কিছু হলো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কথা বললেন কবিও।
তবে নিজের জন্মদিনে এই জাঁকজমকপূর্ণ আয়োজন কেমন লেগেছিল নির্মলেন্দু গুণের?
জন্মদিনের বেশ কয়েক দিন পর ৩০ জুন রোববার তাঁকে এই প্রশ্নটি করতেই একমনে নিজের কবিতার চরণগুলো আওড়ালেন তিনি। বোঝা গেল, সেদিন বৈকুণ্ঠের আয়োজন তাঁর মন ভরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘১৯৪৫ সালে এক বর্ষণমুখর সকালে জন্মেছিলাম—সকাল সাতটার দিকে। সেদিন আমার জন্মের ক্ষণে বৃষ্টি ছিল। এর পর থেকে আমার প্রতিটি জন্মদিনেই বৃষ্টি নেমেছে। এমনকি এ বছরের ২১ তারিখেও যখন বৃষ্টি নামল, মনে হলো, প্রকৃতি আমার জন্মদিনকে স্বীকৃতি দিচ্ছে।’
নির্মলেন্দু গুণের কথাগুলো শোনাল যেন কবিতার মতোই। ঢাকায় বৈকুণ্ঠ ছাড়াও নেত্রকোনার কাশবন ও সুসং দুর্গাপুরের জলসিঁড়ি এবার উদ্যাপন করেছে তাঁর জন্মদিন। কবি বলেন, ‘বৈকুণ্ঠের অনুষ্ঠানে সেদিন অনেক পরিচিতজনই আসেননি। তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যখন আমার কবিতা আবৃত্তি করছিল এবং শুনছিলও মন্ত্রমুগ্ধের মতো, তখন খুবই ভালো লাগছিল আমার।’
কবির অনুভূতি জানা হলো। এবার বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির এই আয়োজনের কারণটিও চকিতে জেনে নেওয়া যাক। সংগঠনের কর্ণধার আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা বললেন, ‘নির্মলেন্দু গুণ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় কবি। তাঁর অনেক কবিতাই মানুষের মুখে মুখে। কবিকে সম্মান জানাতেই আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। এর আগে তাঁর ৫০তম জয়ন্তীও আমরা পালন করেছি। আমাদের মনে হয়েছে, কবিতাকে জনপ্রিয় করতে, মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এ রকম আয়োজন খুবই দরকারি।’
বেশ গাম্ভীর্য নিয়ে শিমুল মুস্তাফা বললেন কথাগুলো। কিন্তু আমাদের চোখে কেবল ভাসছে ‘আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি’—বৈকুণ্ঠ আয়োজিত জয়ন্তী অনুষ্ঠানের এই শিরোনাম-লেখাটি—নির্মলেন্দু গুণের ‘স্ববিরোধী’ কবিতার অংশবিশেষ। আমাদের চোখে তখন জ্বলজ্বল করছে ৬৮টি প্রদীপের সেই আলোকোজ্জ্বল মুহূর্ত।
ওই প্রদীপের ভেতর মৃত্যুর প্রয়োজনে কবি নির্মলেন্দু গুণ কি আসলেই বড় হচ্ছেন?
না, অবশ্যই না।