৭ অক্টোবর মুক্তি পাবে ‘বেইলী রোড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদ কায়নাত পরিচালিত বেইলী রোড সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। ইতিমধ্যে ছবির প্রযোজনা সংস্থা ড্রিম ভিউ ছবিটি মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। ছবিটি বিনা কর্তনে সেন্সর সনদ লাভ করার পর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে। স্বপ্নের মধ্যে স্বপ্নভঙ্গের এক করুণ কাহিনি নিয়ে নির্মিত হয়েছে বেইলী রোড। একজোড়া তরুণ-তরুণী শুভ ও আঁচলের স্বপ্ন, মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়ে তারা বড় কিছু হবে। জীবনসংগ্রামে লিপ্ত এই তরুণ-তরুণী সময়ের প্রয়োজনে খুব কাছাকাছি চলে আসে। তৈরি হয় প্রেমের সম্পর্ক। ঘটনার পটপরিক্রমায় আঁচলের জীবনে আসে ধনাঢ্য ব্যবসায়ী মুনজির। আঁচলের সব সমস্যায় দেবদূতের মতো হাজির হয়ে সমাধান করে দেয়। তৈরি হয় ভালোলাগার এক অদ্ভুত অনুভূতি। দুষ্ট মানুষের চক্রান্তে মুনজির ও আঁচলের কাহিনি রসালো আলোচনায় রূপ নেয়। বাবার কথামতো আঁচলের জন্মদিনে ফুলের ডালি নিয়ে ভালোবাসার কথা জানাতে এসে শুভ ও আঁচলের জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ কাহিনি শুনে চমকে ওঠে। সিদ্ধান্ত নেয়, শুভ ও আঁচলের জীবনে সে বাধা হয়ে দাঁড়াবে না। সবার অজান্তেই পালিয়ে যায় সে। ভেঙে যায় তার স্বপ্ন।ছবিটি পরিচালনা করেছেন মাসুদ কায়নাত। কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন পরিচালক নিজেই। ড্রিম ভিউয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চন্দন চৌধুরী, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, কাবিলা, রেবেকা, শামীম, সানিয়া, জিনিয়া, আনোয়ার শাহী, তপন এবং নতুন জুটি আঁচল ও নিলয়। ছবির গানগুলোয় কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, আসিফ, এস আই টুটুল, ন্যান্সী, বাপ্পা মজুমদার, মিলা, কুমার বিশ্বজিৎ ও বারী সিদ্দিকী।