৭ গুণীর হাতে শিল্পকলা পদক তুলে দিলেন রাষ্ট্রপতি

সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন সাত গুণী শিল্পীকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ গুণীদের হাতে ‘শিল্পকলা পদক ২০১৫’ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
‘শিল্পকলা পদক-২০১৫’ প্রাপ্ত হয়েছেন নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী ও কণ্ঠ সংগীতে মিহির কুমার নন্দী। পদকপ্রাপ্তদের সম্মাননাস্বরূপ এক লাখ টাকা, স্বর্ণ পদক, উত্তরীয়, সনদপত্র এবং ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।
শিল্পকলা পদক প্রদান এবং আলোচনা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিবলী ও নীপার পরিচালনায় রাঙিয়ে দিয়ে যাও, জন্মভূমি ও ষড়ঋতু শীর্ষক তিনটি সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল।