৭ দিনে ৫টি উৎসব ঘুরবে 'গাড়িওয়ালা'

আগামী সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোট পাঁচটি উৎসব ঘুরবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি গাড়িওয়ালা। পাশাপাশি উৎসবগুলোর প্রতিযোগিতা বিভাগেও সেরা হওয়ার লড়াইয়ে অংশ নেবে আশরাফ শিশির পরিচালিত এই ছবি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া ‘সিনেরকম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ দিয়ে শুরু হয়েছে গাড়িওয়ালার এই টানা ‘উৎসব অভিযান’। ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ৭ তারিখ পর্যন্ত। এতে ছবিটি দেখানো হবে ৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি প্রদর্শনী কেন্দ্রে। এটি ছাড়াও ইউরোপের কসোভোয় অনুষ্ঠিত ‘ফারফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (২ থেকে ৬ সেপ্টেম্বর), সেন্ট লুইসে অনুষ্ঠিত ‘পিটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (২ থেকে ৬ সেপ্টেম্বর), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘বেনিফিশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’ (৪ থেকে ৬ সেপ্টেম্বর), ক্যানসাসের ‘ওম ফিল্ম ফেস্টিভ্যাল’ (৪ থেকে ৬ সেপ্টেম্বর) এবং কলোরাডোর ‘মুনড্যান্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ (৭ থেকে ৮ সেপ্টেম্বর) অংশ নেবে ছবিটি। এসব তথ্য দিয়েছেন ছবির পরিচালক আশরাফ শিশির।