৭ মার্চের ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রামাণ্যচিত্রটির নাম দ্য স্পিচ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে নিয়েই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। গতকাল শুকবার সকালে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হলো মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।অনুষ্ঠানের শুরুতেই প্রামাণ্যচিত্রটির অংশবিশেষ দেখানো হয়। তারপর আলোচনা। তখন উপস্থিত দর্শকদের চোখে ভাসছিল রেসকোর্স ময়দানের সেই জনসমুদ্র, কানে অনুরণিত হচ্ছিল সেই বজ্রনির্ঘোষ কণ্ঠ— এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি এর মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব হেদাতুল্লাহ আল মামুন। আলোচনায় অংশ নেন আইনজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, প্রামাণ্যচিত্রের প্রযোজক ইফতেখারুল আলম, নির্মাতা ফখরুল আরেফিন। সভাপতিত্ব করেন প্রামাণ্যচিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। প্রামাণ্যচিত্রটি ছিল ৪৩ মিনিটের। এতে বঙ্গবন্ধুর ভাষণের বিশেষ বিশেষ অংশ ছাড়াও রয়েছে এই ভাষণ নিয়ে বিশষ্টজনের বিশ্লেষণ, মুক্তিযুদ্ধের সময়ের দেশি-বিদেশি সংবাদপত্রের কাটিং ও ভিডিও ফুটেজের অংশ। মুক্তিযুদ্ধসংক্রান্ত বিভিন্ন নিদর্শন ও দলিল। এই ভাষণ নিয়ে লেখা কবি নির্মলেন্দু গুণের কবিতার আবৃত্তি এসব।আলোচনায় বক্তারা বলেন, এই প্রামাণ্যচিত্র থেকে বঙ্গবন্ধু কীভাবে বাঙালিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত এবং ঐকবদ্ধ করেছিলেন, তা জানা যাবে। বিশেষ করে নতুন প্রজন্মনের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পেক্ষাপট সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মন্তব্য করেন।