৭০ পেরিয়ে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই তাঁকে চেনেন ‘বিগ বি’ নামে। অনেকে আবার বলেন সুপারস্টার। নাম না বললেও বোঝা যায় তিনি অমিতাভ বচ্চন। বলিউডে তিনি একজনই। ১১ অক্টোবর ছিল চিরসবুজ এই নায়কের ৭০তম জন্মদিন। কিন্তু বচ্চন পরিবারের কর্তা, তারকাদের তারকা অমিতাভের জন্মদিনের আমেজ কি মাত্র এক দিনেই ঘুচে যায়, রেশ কি রয়ে যায় না একটুও?হলিউড কিংবদন্তি মার্লোন ব্রান্ডো সম্পর্কে বলতে গিয়ে আমেরিকান নাট্যকার আর্থার মিলার শুধু একটি শব্দই ব্যয় করেছিলেন—‘বিস্ময়কর’। তবে হিন্দি ছবির কিংবদন্তি অমিতাভ বচ্চনকে নিয়ে এখনো কেউ যথাযথ বিশেষণ আবিষ্কার করতে পারেননি। ১১ অক্টোবর ৭০ পেরিয়ে ৭১-এ পা দিয়েছেন বিগ বি। এই ‘বুড়ো’ নায়ককে নিয়ে তাঁর ভক্তরা যতটা উন্মাদনা দেখিয়েছেন, তাতে তাঁর হাঁটুর বয়সী নায়কেরাও লজ্জায় পড়ে গেছেন। অমিতাভের জন্মদিনে তাঁর বাড়ির সামনে শত-সহস্র জনতার ভিড়, অতঃপর দিনভর নগরে ট্রাফিক জ্যাম—নিয়মিত ব্যাপার। তবে এবার যেন ভক্তের সংখ্যা ৭০ বছরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। তাঁদের সামলাতে হিমশিম খেয়েছেন নিরাপত্তাকর্মীরা। এই বিগ বির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সফটওয়্যার কোম্পানি তাঁর নামে মোবাইল অ্যাপ্লিকেশন বের করেছে। মোবাইলের বোতাম টিপলেই অমিতাভের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে যে কেউ ব্লগ, ফেসবুক, টুইটার বা ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারের কল্যাণে! চিকিৎসকেরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য নতুন ইউনিট চালু করেছেন ‘অমিতাভ’ নামে। সুইজারল্যান্ড সরকার শহরের একটি পার্কের নতুন নামকরণ করেছেন—‘অমিতাভ’!অমিতাভ অর্থ অসীম। অমিতাভ বচ্চনকে নিয়েও অসীম উন্মাদনা ও ভালোবাসার নিদর্শন রাখা চলছে অবিরাম। ১০ অক্টোবর রাতেই মুম্বাইয়ের গোরগাঁওয়ের ফিল্মসিটিতে জয়া বচ্চনের পরিকল্পনায় এক ছাদের নিচে একত্র হয়েছিল পুরো বলিউড। অমিতাভের অবশ্য জন্মদিন নিয়ে বাড়াবাড়ি করা বরাবরই না-পছন্দ! অবশ্য স্ত্রী জয়া বচ্চনের তাতে থোড়াই কেয়ার! বছরব্যাপী পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তিনি। সফলও হয়েছেন। বছরের শুরুতে জয়া দেশের ৭০ জন সেরা চিত্রশিল্পীকে দায়িত্ব দিয়েছিলেন অমিতাভকে নিয়ে, তাঁর কাজ নিয়ে, ৭০টি চিত্রকর্ম আঁকার। অমিতাভের জন্মদিন উপলক্ষে তিন দিনের এক প্রদর্শনীর আয়োজন করে সেই ৭০টি চিত্রকর্ম প্রদর্শন করেছেন জয়া। সেসব চিত্রকর্ম নিয়ে একটি কফি-টেবিল বইও বের করেছেন তিনি। তিন দিনের ইভেন্টের নামও তিনি ঠিক করেছিলেন—‘বি সেভেনটি’। জয়ার ভাষায়, সবকিছুই স্বামীর জন্য তাঁর সামান্য ভালোবাসার নিদর্শন।অবশ্য অমিতাভ স্ত্রীর এত বড় সারপ্রাইজকে ‘সামান্য’ মানতে নারাজ। অমিতাভের ভাষায়, সাত জনমে তিনি জয়াকেই বারবার স্ত্রী হিসেবে পেতে চান। সারপ্রাইজের ফিরিস্তি এখানেই শেষ নয়। অমিতাভের ব্যক্তি ও অভিনয়জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রপস নিয়ে আরেকটি ভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল কৌন বনেগা ক্রোড়পতির চেয়ার ও কম্পিউটার থেকে শুরু করে কুলি ছবিতে অমিতাভের মাফলার, সিলসিলা ছবির কোট, দিওয়ার ছবির শার্ট এবং অমিতাভের ৪৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ১৮০টি ছবির পোস্টার। প্রায় ৮০০ অতিথি তিনটি ফ্লোরে উদ্যাপন করেছেন অমিতাভের জন্মদিন। ডি জে ফ্লোরে কেউ অমিতাভের গানের সঙ্গে নেচেছেন, কেউ ফুড কর্নারে অমিতাভের প্রিয় খাবার ও রেসিপিতে তৈরি খাবার খেয়েছেন। কেউ বা আবার লাউঞ্জে বসে তাঁর স্মরণে দুকথা বলেছেন। নিজেদের মধ্যে আড্ডা দিয়েছেন।অতিথির মধ্যে ছিলেন দিলীপ কুমার, সায়রা বানু, ওয়াহিদা রেহমান, আশা পারেখ, রজনীকান্ত, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, হেমা মালিনী, শাবানা আজমি, শ্রীদেবী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, বিনোদ খান্না, জিনাত আমান, জিতেন্দ্র, ঋষি কাপুর, নিতু সিং, অজয় দেবগন, কাজল, টাবু, জুহি চাওলা, মহিমা চৌধুরী, উর্মিলা মাতোণ্ডকর, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, বিদ্যা বালান, জন আব্রাহাম, আমিশা প্যাটেল, প্রীতি জিনতা, বিপাশা বসুসহ আরও অনেকে। তবে সব অতিথি ও ‘বার্থডে বয়’কে ছাপিয়ে অনুষ্ঠানের বড় আকর্ষণ হয়ে উঠেছিল আরাধ্য বচ্চন। অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে। ১১ মাস লোকচক্ষুর অন্তরালে থেকে অবশেষে দাদুর জন্মদিনে কেক কাটতে নাতনি এসেছিল মঞ্চে। উপস্থিত অতিথিরা আরাধ্যকে নিয়ে উল্লাস করেছেন, ছোট্ট আরাধ্য ভয় পায়নি এতটুকু।অমিতাভকে নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুুত হয়ে পড়েন তাঁর ভাই অজিতাভ বচ্চন, স্ত্রী ও সন্তানেরা। অনেকেই জানতেন না, অমিতাভ ইন্দিরা গান্ধীর মাধ্যমে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। হরিবংশ রাই বচ্চন-তেজি বচ্চনের সন্তান যখন কলকাতায় ছা-পোষা চাকরিতে ব্যস্ত, তখন তাঁর বন্ধু প্রয়াত রাজীব গান্ধীই মায়ের কাছে সুপারিশ করেন অমিতাভের অভিনয়ের ব্যাপারে। ইন্দিরা গান্ধী তৎক্ষণাৎ চিঠি লেখেন পরিচালক খাজা আহমেদ আব্বাসকে। ব্যস, বলিউডের দরজা খুলে যায় অমিতাভের জন্য। সাত হিন্দুস্তানি প্রথম ছবি। বক্স অফিসে ব্যর্থ হলেও অমিতাভের ভাগ্যে জোটে নতুন মুখ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার! এরপর আনন্দ ছবির জন্যও পার্শ্ব অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পান অমিতাভ। কিন্তু হিট ছবি অধরাই থেকে যাচ্ছিল। যে কারণে গুড্ডি ছবিতে অমিতাভ টানা এক মাস কাজ করার পরও পরিচালক মনে করেন জয়া ভাদুড়ির বিপরীতে তাঁকে ঠিক মানাচ্ছে না। অবশেষে অমিতাভের প্রস্থান ও ধর্মেন্দ্রর আগমন। টানা এক ডজন ফ্লপ ছবি উপহার দেওয়ার পর অবশেষে জঞ্জির অমিতাভকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। সেলিম-জাভেদ জুটির লেখা জঞ্জির, দিওয়ার, শোলে, কাভি কাভি, ডন—একের পর এক ছবি অমিতাভকে নিয়ে যায় ধরা-ছোঁয়ার বাইরে। অগ্নিপথ-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রমাণ করে অমিতাভের তুলনা শুধু অমিতাভই। শুধু ‘বিজয়’ নামেই অমিতাভ অভিনয় করে ফেলেন ১৯টি ছবিতে। সত্যজিৎ রায়ের সতরঞ্জ কি খিলাড়ি ছবিতে ডাবিং করেও ক্যারিয়ারে যুক্ত করেন নতুন পালক। এরপর রাজনীতিতে জড়িয়ে পড়া, প্রযোজনা সংস্থা এবিসিএলে ধস, দেউলিয়া অমিতাভের অভিনয়ে ফিরে আসা, মৃত্যুদণ্ড, লাল বাদশা—একের পর এক ব্যর্থ ছবিতে অভিনয় করা, সব মিলিয়ে সবাই যখন ভাবছিলেন, অমিতাভের আভা সূর্যাস্তের সঙ্গে মিইয়ে গেছে, ঠিক তখনই কেবিসি ও মোহাব্বতে নতুন ইতিহাস রচনা করে। ভারতের প্রথম অভিনেতা হিসেবে মাদাম তুসোয় মোমের মূর্তি, বিবিসির জরিপে মার্লোন ব্র্যান্ডো, চার্লি চ্যাপলিনকে হটিয়ে শতাব্দীর সেরা অভিনেতা হিসেবে পুরস্কার, ব্ল্যাক ও পা ছবির জন্য আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার—সব মিলিয়ে অমিতাভ এখন শুধু একজন অভিনেতার নাম নয়, তিনি একটি প্রতিষ্ঠান। ৭০ তাঁর কাছে এখন শুধু একটি সংখ্যা, মনের বয়সে তিনি চিরতরুণ—এমনটিই মনে করেন বলিউডের সব শিল্পী কলাকুশলী। রুম্মান রশীদ খানডিএনএ, ওয়ান বলিউড, আইএমডিবি, রেডিফ, হিন্দুস্থান টাইমস, সিনেব্লিৎস, বলিস্পাইস, মিড ডে, রিয়েল বলিউড, বিজনেস অব সিনেমা, বলিস্পাইস ও বলিউড হাঙ্গামা ডট কম অবলম্বনে