৭০ বছর বয়সী ঋতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৭০। একা একা তাঁর বসবাস। সারা জীবন কেটে গেছে সংসারের মা, বোন, ভাইদের দেখাশোনা করে। এসব করতে করতে বয়স হয়ে গেল ৭০। বিয়েটাও করা হয়নি, নিজের জীবনকে উপভোগও করা হয়নি। এখন তিনি একা। এই বৃদ্ধ বয়সে তাঁকে আর দেখার কেউ নেই। এই বৃদ্ধার নাম নাওমি। এমন একটি চরিত্রে রূপদান করলেন ঋতু সাত্তার। নাটকটির নাম মায়ের মুখ। আরনল্ড ওয়েস্কারের মূল গল্প থেকে অনুবাদ করেছেন মুম রহমান। নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম। প্রাচ্যনাটের এই তরুণ অভিনেত্রীকে ৭০ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে কম বেগ পেতে হয়নি। ‘নাটকটিতে আমার সংলাপের জায়গা প্রায় ২২ মিনিট। পুরো সময়ই আমাকে কুঁজো হয়ে মঞ্চে হাঁটাচলা করতে হয়েছে। আর বৃদ্ধ বয়সের মানুষের কণ্ঠস্বর যেমন হয়, তেমনটাই আমাকে করতে হয়েছে। এ জন্য পরিশ্রম কম হয়নি।’ বলছিলেন ঋতু। তবে চরিত্রটিতে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত। ঋতু বললেন, ‘চরিত্রটি করার পর দর্শক খারাপ বলেননি। এ পর্যন্ত মঞ্চে ১৩টি নাটক করলাম। সব নাটকেই চরিত্রের ভিন্নতা আছে। এই চরিত্রটি আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। আমি মনে করি, চরিত্রটি আমাকে মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে পরিপক্বতা এনে দিয়েছে। সম্ভাবনার জায়গাটাও উন্মোচন করেছে। সময়োপযোগী চরিত্র এটি।’