
৭১টি দেশের গান, ৭১টি ব্যান্ড, ৭১টি নতুন সুর। অ্যালবামের নামটির সঙ্গেও যুক্ত ৭১। গিটারের তার আর কি-বোর্ডের সুরে একরাশি দেশের গানের অ্যালবাম আমাদের ৭১। সারা দেশের ৭১টি ব্যান্ডকে সমন্বয় করে কাজটি করেছে ‘দূরবীন’ ব্যান্ড। সময় লেগেছে দেড় বছর।
কী করে এল এমন পরিকল্পনা? জবাব দিতে দূরবীন ব্যান্ডের ভোকাল সৈয়দ শহীদুল ইসলামের কণ্ঠে ভর করে আবেগ। দেশের গান এ দেশের মানুষ যেমন পছন্দ তেমন পছন্দ তাঁরও। দূরবীনের গাওয়া দেশের গানগুলো টিভি চ্যানেলে প্রচারিত হয়। প্রশংসিত হয় শ্রোতাদের কাছে। সেই ভালো লাগা থেকেই এই কর্মযজ্ঞের উদ্যোগ।
দেশজুড়ে যোগাযোগ করেন ৭১টি ব্যান্ডের সঙ্গে। কথা বলেন তাঁর পরিকল্পনা নিয়ে। কিন্তু সংকটও দাঁড়াল। এত বড় কর্মযজ্ঞের জন্য সুযোগ-সুবিধা নেই সব ব্যান্ডের। এখন কী হবে? সিদ্ধান্ত হলো ঢাকায় এসেই তাঁরা স্টুডিওতে গান রেকর্ড করবেন। থাকা-খাওয়া সব দায়িত্ব ‘দূরবীনে’র।
এরপর শুরু হলো যাত্রা। এ যাত্রায় অংশ নেয় ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘ফ্রেড’, ‘অন্তপুর’, ‘কনস্ট্যান্ট’, ‘ম্যাক্সেল’, ‘সোশ্যাল সার্কাস’, ‘এপিটাফ’, ‘তান্ত্রিক’সহ আরও কত নাম। সময় গড়ায়, এক একটি গান ভূমিষ্ঠ হয় স্টুডিওতে। বেজে ওঠে ‘নান্দনিক বাংলাদেশ’, ‘বাংলা আমার’, ‘তিস্তা’, ‘জন্মভূমি’, ‘স্বাধীনতার বাংলাদেশ’, ‘মাথা নোয়াবার নয়’ গানগুলো।
এরই মাঝে চলে যায় দেড় বছর। প্রস্তুত ৭১টি তাজা দেশের গান। সিডির মোড়কে লাল-সবুজ রঙে বের হয় অ্যালবামটি। শুধু অ্যালবামেই সীমাবদ্ধ থাকবে গানগুলো? না। অ্যালবামে অংশগ্রহণ করা ব্যান্ডগুলো দেশের আরও ব্যান্ড নিয়ে গানগুলো ছড়িয়ে দিচ্ছেন তাঁরা দেশজুড়ে। ইতিমধ্যে এই দলে যুক্ত হয়েছে প্রায় ১২২টি ব্যান্ড। কনসার্ট করছেন দেশের বিভিন্ন জায়গায়। এমন কাজটি সমন্বয় করে কেমন লাগছে সৈয়দ শহীদুল ইসলামের? বললেন, ‘একাত্তরে যুদ্ধ দেখিনি। এই কাজটি করে মনে হলো, দেশের জন্য একটি কাজ করেছি।’