৭৫ পেরিয়ে এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপারম্যান
সুপারম্যান

সুপারম্যান তখন উড়ছে। না, সেই ওড়ার কথা হচ্ছে না। চাইলেই সুপারম্যান উড়ে যেতে পারে, সুপারম্যান বলে কথা। ১৯৩৮ সালে প্রকাশের পর থেকেই অবিস্মরণীয় সাফল্য পেয়ে যায় সুপারম্যান। সেই সাফল্যে সওয়ার হতে ডিসি কমিকস পরের বছরই আরেকজন সুপারহিরোকে নামিয়ে দিতে চাইছিল। যে সুপারহিরোকে অবশ্যই হতে হবে সুপারম্যান থেকে আলাদা।
শিল্পী বব কেন আর লেখক বিল ফিঙ্গার নেমে পড়লেন কাজে। অনেক খেটেখুটে যে সুপারহিরো তাঁরা বানালেন, সেটা দেখে কষ্টে চোখে জল এসে গেল তাঁদেরই। কী বিচ্ছিরিই না দেখতে হয়েছে! অবশেষে আরও কয়েকটি খসড়ার পর নতুন সুপারহিরোটি পছন্দ হলো তাঁদের। ১৯৩৯ সালের ৩০ মার্চ জন্ম নিল ব্যাটম্যান। বিশ্বজয় করে সেই ব্যাটম্যান অবশেষে পা দিল ৭৫ বছর বয়সে। বয়স পৌনে এক শতাব্দী হলে কী হবে, ব্যাটম্যান এখনো তরুণ। সুপারহিরোদের বয়স যে বাড়ে না!
ধনকুবের বাবার সন্তান ব্রুস ওয়েইন। শৈশবেই ঘাতকেরা খুন করেছিল তার মা-বাবাকে। তখনই ব্রুস প্রতিজ্ঞা করে এই হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু সেটি শেষ পর্যন্ত ব্যক্তিগত প্রতিশোধের গণ্ডিতে বাঁধা থাকে না। ব্রুস নেমে পড়ে সব অন্যায়ের বিরুদ্ধে। গথাম সিটির অভিভাবক হয়ে ওঠে ব্রুস। অবশ্য তার আসল পরিচয় জানে অল্প কজনই। ব্যাটম্যান যে থাকে মুখোশের আড়ালে!
সুপারম্যান আর স্পাইডারম্যানের সঙ্গে ব্যাটম্যানের মূল পার্থক্যই হলো, ব্যাটম্যানের অতিপ্রাকৃত কোনো ক্ষমতা নেই। আরেকটা বড় পার্থক্য হলো, সুপারম্যান-স্পাইডারম্যানের পোশাক পরিকল্পনায় সচেতনভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার লাল-নীল রং ব্যবহার করা হয়েছে। ব্যাটম্যানের পোশাক পুরোপুরি কালো।
ষাটের দশকে প্রথম ছোট পর্দায় উঠে আসে ব্যাটম্যান। বেশ কয়েক বছর দর্শকদের মাতিয়ে রাখার পর টিভি সিরিজটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটম্যানের জনপ্রিয়তাও যেন ভাটার টান শুরু হয়। সুপারম্যানের এক বছর পর জন্ম নেওয়া ব্যাটম্যানকে নিয়ে প্রথম ছবি বানানোর উদ্যোগও নেওয়া হয় ১৯৭৮ সালে প্রথম সুপারম্যান ছবি মুক্তি পাওয়ার পরের বছর।
১৯৭৯ সালে ডিসি কমিকসের কাছ থেকে ছবি বানানোর স্বত্ব কেনেন মাইকেল উসলান ও বেঞ্জামিন মেলনিকার। আশ্চর্যের ব্যাপার হলো, সুপারম্যানের প্রথম ছবিটি এ সময়ের অর্থমূল্যে এক বিলিয়ন ডলারের ব্যবসা করলেও ব্যাটম্যানে কেউ বিনিয়োগ করতে রাজি হচ্ছিল না। অবশেষে ওয়ার্নার ব্রোস ‘ঝুঁকি’টা নিতে রাজি হয়। উদ্যোগ নেওয়ার পর নয় বছর লেগে যায় ছবিটা বড় পর্দায় মুক্তি পেতে। ব্যাটম্যান দ্রুতই সোনার ডিম পাড়া হাঁস হিসেবে প্রমাণ হয়। ব্যবসায়িক সাফল্যে ছাড়িয়ে যায় সুপারম্যানকে নিয়ে বানানো প্রথম ছবিটাকেও!
১৯৮৯ সালে প্রথম ব্যাটম্যান হিসেবে রুপালি পর্দায় অভিষেক হয় মাইকেল কিটনের। এ নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়। কিটন কপালে তত দিনে কাতুকুতু মার্কা কমেডি ছবির নায়কের তকমা জুটে গিয়েছিল। সেই তিনি এমন সিরিয়াস চরিত্রে অভিনয় করতে পারবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশের লোকের অভাব ছিল না। কিন্তু পরিচালক টিম বার্টন আস্থা রেখেছিলেন। বক্স অফিস এবং ব্যাটম্যান-সংক্রান্ত বিভিন্ন পণ্য সে সময় ১০০ কোটি ডলারের ব্যবসা করেছিল।
ওয়ার্নার ব্রোস এই সাফল্যে সওয়ার হয়ে আরও তিনটি ব্যাটম্যান সিরিজের ছবি মুক্তি দেয়: ব্যাটম্যান রিটার্নস (১৯৯২), ব্যাটম্যান ফরএভার (১৯৯৫) এবং ব্যাটম্যান অ্যান্ড রবিন (১৯৯৭)। এর মধ্যে শেষ ছবিটিতে ব্যাটম্যান হিসেবে অভিষেক হয়েছিল জর্জ ক্লুনির। ক্লুনির অভিজ্ঞতা কিন্তু সুখকর ছিল না। ফলে এখানে থেমে যায় ব্যাটম্যানের যাত্রা।
২০০৩ সালে ব্যাটম্যানকে ‘উদ্ধার’ করতে এগিয়ে আসেন ক্রিস্টোফার নোলান। তত দিনে মাত্র তিন ছবি (ফলোয়িং, মেমেন্টো ও ইনসোমনিয়া) দিয়েই নোলান নিজের জাত চিনিয়ে দিয়েছেন। নোলানের হাত ধরে ব্যাটম্যানের ধরনটাই পাল্টে যায়। সুপারহিরো থেকে ব্যাটম্যান হয়ে ওঠে আরও বেশি মানবিক। ২০০৫ সালে মুক্তি পায় ব্যাটম্যান বিগিনস। প্রথম ছবিটাই অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের সপ্রশংস দৃষ্টি কাড়ে। অস্কারে সেরা চিত্রনাট্যের মনোনয়নও পেয়েছিল ছবিটি। নোলানের ব্যাটম্যান সিরিজে মুক্তি পায় আরও দুটো ছবি: ডার্ক নাইট (২০০৮) এবং ডার্ক নাইট রাইজেস (২০১২)।
নোলান আর ব্যাটম্যানের ছবি করবেন না—এই দুঃসংবাদের মেঘ দ্রুতই কেটে যায় এই খবরে, অবশেষে ‘বড় ভাই’ সুপারম্যানের সঙ্গে দেখা যায় যাচ্ছে ব্যাটম্যানের। ম্যান অব স্টিল-এর সিক্যুয়েলে ব্যাটম্যান মুখোমুখি হবে সুপারম্যানের। সেই ছবির শুটিং অবশ্য শুরু হলো মাত্রই। শুরু হলো ব্যাটম্যান-সুপারম্যানকে মুখোমুখি দেখার রোমাঞ্চকর অপেক্ষাও!
রাজীব হাসান, ফোর্বস অবলম্বনে