৭৫ লাখ রুপি ফেরত দেননি মল্লিকা শেরওয়াত!
অপেশাদার আচরণের জন্য সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে ‘আজান’খ্যাত বলিউডের অভিনেতা ও প্রযোজক শচীন যোশি দাবি করেছেন, নির্মিতব্য ‘মুম্বাই মিরর’ ছবিতে অভিনয়ের জন্য ৭৫ লাখ রুপির বিনিময়ে চুক্তি সই করেন মল্লিকা। কিন্তু পরে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নিলেও, এখন পর্যন্ত ৭৫ লাখ রুপি ফেরত দেননি তিনি। এ প্রসঙ্গে শচীনের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘মল্লিকাকে নিয়ে ‘মুম্বাই মিরর’ ছবি বানাতে চেয়েছিলেন শচীন। প্রস্তাব পেয়ে শুরুর দিকে সানন্দেই কাজ করতে রাজি হয়ে যান মল্লিকা। ৭৫ লাখ রুপি পারিশ্রমিকের বিনিময়ে চুক্তিও স্বাক্ষর করেন। কিন্তু পরে ছবির চরিত্রটি পছন্দ না হওয়ার ওজুহাত দেখিয়ে পিঠ টান দেন।’ শচীনের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘ছবিটিতে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে এলেও, এখন পর্যন্ত ৭৫ লাখ রুপি ফেরত দেননি মল্লিকা। এমনকি সেটা ফেরত পাওয়ার জন্য তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও, প্রতিবারই তিনি উপেক্ষা করেছেন শচীনকে। মল্লিকার এমন অপেশাদার আচরণে তাঁর ওপর বেজায় চটেছেন শচীন। মূলত এ কারণেই তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন।’