৭৫০ সপ্তাহ হলো পূর্ণ
ব্যবসার দিক দিয়ে বলিউডে প্রতিবছরই নতুন কোনো না কোনো ছবি রেকর্ড গড়ছে। তবে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের অতুলনীয় রেকর্ড ভাঙতে পারছে না কোনো ছবিই। ডিভিডি-স্যাটেলাইটের এ যুগে অদূর ভবিষ্যতেও এ রেকর্ড ভাঙার কোনো সম্ভাবনা নেই। যশ চোপড়া প্রযোজিত আদিত্য চোপড়ার পরিচালিত প্রথম ছবিটি ১৯৯৫ সাল থেকে বিরতিহীনভাবে প্রদর্শিত হয়ে সম্প্রতি ৭৫০ সপ্তাহ পূর্ণ করেছে। মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ ছবিটি। ১৫ বছর ধরে এই প্রেক্ষাগৃহে বিরতিহীনভাবে ছবিটি প্রদর্শিত হচ্ছে। প্রেক্ষাগৃহের মালিক রামানান্দ কিশোর বলেন, ‘গত ভালোবাসা দিবসেও আমাদের প্রেক্ষাগৃহে শতভাগ দর্শক ছিল। সব সময় যে হলভর্তি মানুষ থাকে, তা নয়। তবে মারাঠা মন্দির যত দিন থাকবে, রাজ-সিমরানও (ছবিতে শাহরুখ-কাজলের চরিত্র) তত দিন থাকবে।’ উল্লেখ্য, কাজল-শাহরুখ খান জুটির প্রথম প্রেমের ছবিটি আজও অনেকের দৃষ্টিতে প্রেমের সেরা হিন্দি ছবি।