৭৮ প্রেক্ষাগৃহে 'তোকে ভালোবাসতেই হবে'

ঢাকা ও সারা দেশের ৭৮ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে রাজু চৌধুরী পরিচালিত ছবি ‘তোকে ভালোবাসতেই হবে’। এ ছবিটির মাধ্যমে অনেক দিন পর দর্শকদের সামনে এলেন এক সময়ের আলোচিত নায়িকা সাহারা। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘এটা আমার নবম ছবি। বাংলা ছবির নকল গল্প নিয়ে এখন অভিযোগের শেষ নেই। সেদিক থেকে ‘‘তোকে ভালোবাসতেই হবে’’ পুরোপুরি মৌলিক গল্পের ছবি। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এই ছবিতে আমাকে সহজ-সরল ও শান্ত প্রকৃতির ছেলে হিসেবে দেখানো হয়েছে। সমাজের বিপদে-আপদে সহযোগিতা করে ছেলেটি। ছবিতে আমার চরিত্রের নাম রাজু। আর এতে আমার সহশিল্পী সাহারা।’
জায়েদ খান এও বলেন, ‘ছবিটির চরিত্রের সঙ্গে আমার বাস্তব চরিত্রের অনেকটাই মিল রয়েছে। আমার পরিবারের মধ্যে আমি সবার ছোট। বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মতে, আমি খুব শান্ত ও বোকা প্রকৃতির।’ বোকা প্রকৃতির হলে নায়ক হলেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আমি মনে করি, নায়ক হওয়ার জন্য যে মেধা ও অভিনয়গুণ থাকা দরকার তা আমার মধ্যে আছে।’
‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন রাজু চৌধুরী। জায়েদ খান ও সাহারা ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন রীনা খান, সিনথিয়া, নাদিম প্রমুখ। পুরোপুরি রোমান্টিক গল্প নিয়ে এই ছবির কাহিনি গড়ে উঠেছে। ঢাকা, নরসিংদী ও সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।
ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন।