৮ এপ্রিল ঢাকায় আশা ভোঁশলে নাইট
উপমহাদেশের প্রখ্যাত গায়িকা আশা ভোঁশলে ঢাকায় আসছেন আগামী ৮ এপ্রিল। ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান আশা ভোঁশলে নাইট। অনুষ্ঠানটির আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড। তাঁর সঙ্গে থাকবে ২০ জনের যন্ত্রী দল। অনুষ্ঠানে আশা ভোঁশলের সঙ্গে গান করতে আরও আসবেন অমিত কুমার। প্রয়াত কিশোর কুমারের সঙ্গে আশা ভোঁশলের অসংখ্য দ্বৈত গান রয়েছে। সেসব গানে আশা ভোঁশলের সঙ্গে কণ্ঠ দেওয়ার জন্য কিশোর কুমারের ছেলে অমিত কুমারের আগমন বলে জানা গেছে।আজ মঙ্গলবার দুপুরে মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া এ কথা জানান।শাহাজাহান ভূঁইয়া আরও জানান, অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মধ্যে গান করবেন কুমার বিশ্বজিত্ ও সামিনা চৌধুরী। এরই মধ্যে এই দুই শিল্পীর সঙ্গেও আলোচনাও চূড়ান্ত হয়েছে।উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আশা ভোঁশলের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল গত ১১ ফেব্রুয়ারি। কিন্তু ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ ক্রিকেট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসহ আরও কয়েকটি অনুষ্ঠান ছিল। তাই আশা ভোঁশলের অনুষ্ঠানের তারিখটি পেছাতে হয়েছে।আশা ভোঁশলে নাইট ছাড়া মিররের আয়োজনে আগামী ২৭ মে একই ভেন্যুতে আয়োজন করা হবে শ্রেয়া ঘোষালের গানের অনুষ্ঠান। এ ছাড়া ২৯ জুলাই থাকবে বিশ্বকাপের সূচনা সংগীতের আলোচিত তিন শিল্পী শংকর, এহসান ও লয়ের আরেকটি অনুষ্ঠান। ২৯ নভেম্বর থাকছে উপমহাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীত-পরিচালক এ আর রহমানের গানের অনুষ্ঠানও।শাহজাহান ভূঁইয়া আরও জানান, এ আর রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে গতকাল চূড়ান্ত আলোচনা শেষ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকবে ৭০ জনের একটি দল এবং এ সময়ের আলোচিত তিনজন ভারতীয় গায়ক।আশা ভোঁশলে নাইট ও শ্রেয়া ঘোষালের গানের অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হলেও শংকর-এহসান-লয় এবং এ আর রহমানের কনসার্ট বড় দুটি ভেন্যুতে করা হবে বলে তিনি জানান।