৮ পদে ৫৩ পরিচালকের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিরেক্টর গিল্ডের মনোগ্রাম
ডিরেক্টর গিল্ডের মনোগ্রাম

প্রথমবারের মতো নির্বাচনে যাচ্ছে বাংলাদেশের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এ নির্বাচনে আটটি পদের বিপরীতে লড়বেন ৫৩ জন পরিচালক। নির্বাচনী প্রচারণার নানা বাধ্যবাধকতার পরও রোমাঞ্চকর এক উৎসবে পরিণত হয়েছে এ নির্বাচন।
নির্বাচনে প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের টেলিভিশন ও সিনেমার নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। সংগঠনটির মাধ্যমে সেসব সমস্যা দূর করা ছাড়াও অনেক নতুন নতুন উদ্যোগ নেওয়ার ইচ্ছেও পোষণ করেছেন পরিচালকেরা।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন অভিনেতা গাজী রাকায়েত, কায়েস চৌধুরী ও জাহিদ হাসান। সহসভাপতি আকরাম খান, অরণ্য আনোয়ার, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল, সকাল আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এ হক অলিক, মোস্তফা কামাল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজু আলীম, হৃদি হক, মাসুদ মহিউদ্দীন, মুরাদ মো. রহমতুল্লাহ, হাসান জাহাঙ্গীর, হিমেল আশরাফ ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান। অর্থ সম্পাদক আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামূল, আল হাজেন; সাংগঠনিক সম্পাদক পদে দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান, এস এম কামরুজ্জামান সাগর, ইমরাউল রাফাত। প্রচার সম্পাদক রাফিবুল হাসান চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ, জুয়েল মাহমুদ, ফয়েজ আহমেদ রেজা। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭ জন পরিচালক।
বিধিমালা অনুযায়ী, এ নির্বাচনে থাকছে না কোনো প্যানেল, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমকেও নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাচ্ছে না। এ নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানালেন, যিনি কাজ করবেন বলে মনে হবে, তাঁকেই ভোট দেবেন তিনি। তবে বেশির ভাগ প্রার্থীকে নামে চিনলেও সবাইকে চেহারায় চেনেন না। এ অবস্থায় শুধু নামের ওপর ভিত্তি করে ভোট দেওয়াটা একটু হাস্যকর মনে হয়েছে তাঁর কাছে।