৮ বছর পর আলোর মুখ দেখল ‘বায়ান্ন গলির এক গলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ধারাবাহিক নাটক ‘বায়ান্ন গলির এক গলি’ চ্যানেল আইতে প্রচারিত হবে ৪ জুলাই বুধবার। এর নাট্যরূপ দিয়েছেন জনপ্রিয় রচয়িতা বৃন্দাবন দাস ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল।নাটক প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ‘প্রায় আট বছর আগে রাবেয়া খাতুনের “বায়ান্ন গলির এক গলি” থেকে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছিলাম। নাটকটির নির্মাণ প্রক্রিয়া দেরিতে শুরু হওয়ায় এতদিন পর আলোর মুখ দেখল বায়ান্ন গলির এক গলি। পুরোনো ঢাকার প্রেক্ষাপটে এর কাহিনি আবর্তিত হয়েছে।’ সমাজপতি ‘সর্দার’দের পারিবারিক জীবন, ঢাকার উন্নয়নে মুসলমানদের অবদান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সার্বিক অর্থনৈতিক অবস্থা, মন্বন্তরের চিত্র, গুরুজনদের প্রতি তরুণ-যুবকদের ভক্তি-শ্রদ্ধা, মায়ের প্রতি সন্তানের আনুগত্য, ভালো-মন্দের দ্বন্দ্ব এবং মানবিক বিভিন্ন দিক উঠে এসেছে বায়ান্ন গলির এক গলিতে।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ, খালেদা আক্তার কল্পনা, ফাহমিদা হক কলি, ম. ম. আলী, আঁখি প্রমুখ। চ্যানেল আইতে ২৭ জুন থেকে শুরু হওয়া ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭.৫০ মিনিটে প্রচারিত হবে।