৮ বছর পর প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন
যখনই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তখনই এক পক্ষ নিবার্চনের প্রস্তুতি নিলেও আরেক পক্ষ আদালতে মামলা করে নির্বাচন বন্ধ করে দিয়েছে। এভাবে প্রায় আট বছর নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না প্রযোজক-পরিবেশক সমিতির। পুরো সময়টিই প্রশাসকের হাতে চলে আসছিল সমিতির সমস্ত কার্যক্রম।
অবশেষে বিবাদমান দুপক্ষের মধ্যকার বরফ গলেছে। এবার আর কোনো মামলা নয়, আগামী ২৮ মে দুবছর মেয়াদি এই সমিতির নির্বাচন হবে।
দুজন সহযোগী সদস্যসহ সমিতির পদ সংখ্যা ২১। মূল পদ সংখ্যা ১৯।
১৯টি পদের বিপরীতে প্রথমে খসরু-শামসুল আলম ও আবদুল আজিজ-লিপু দুটি প্যানেল নির্বাচনের লড়াইয়ে মনোনয়নপত্র জমা দেয়। পরবর্তীকালে এই দুটি প্যানেল সমঝোতা করে ঐক্য পরিষদ প্যানেল গঠন করে। ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের চারজনই লড়াই করছেন। বাকি পদগুলোর জন্য প্রতি প্যানেল থেকে ৯ জন করে সদস্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন সদস্য উভয় প্যানেল থেকে লটারির মাধ্যামে নেওয়া হবে।
এ ব্যাপারে খুরশেদ আলম খসরু বলেন, ‘ঐক্য পরিষদের প্যানেল নির্বাচিত হলে দুটি প্যানেলের নেতারা ভাগ করে এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।’
দুটি প্যানেল সমঝোতা করে ঐক্য পরিষদের প্যানেলে নির্বাচন করলেও সহযোগী সদস্যসহ ২১ সদস্যের এই কমিটিতে স্থান পেতে স্বতন্ত্রসহ ৪৯ জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন। এরমধ্যে ২টি সহযোগী সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে ১৯টি পদের জন্য ভোট প্রয়োগ করবেন ১৩৯ জন ভোটার। অন্যদিকে ২টি সহযোগী পদের জন্য ভোটার সংখ্যা ৩৯।
এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, চলচ্চিত্রের এই সংকটময় অবস্থায় প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনকে স্বাগত জানিয়েছেন অনেকই। প্রযোজনা প্রতিষ্ঠান মধুমিতা মুভিজের কর্নধার ইখতেখার নওশাদ বলেন, ‘আর কতদিন প্রশাসকের হাতে থাকবে সমিতি। তাঁরা তো চলচ্চিত্রের স্বার্থ দেখছেন না। চলচ্চিত্র তো ডুবে যাচ্ছে। যাইহোক শেষ পর্যন্ত নির্বাচন হতে যাচ্ছে। সমিতির নির্বাচিত প্রতিনিধিরা চলচ্চিত্রকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।
এই মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৬-২০১৮-এর নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন এবং বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতির দুজন সদস্য আব্দুল আলিম ও সাখাওয়াত হোসেন।