৮০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকলেন সালমান
২০১৩ সালে মুক্তি প্রতীক্ষিত ‘কিক’ ছবিতে অভিনয়ের বিনিময়ে নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালার কাছে ৮০ কোটি ভারতীয় রুপি দাবি করেছেন সালমান খান। একের পর এক ব্যবসা-সফল ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউডের অভিনেতা সালমান খান। কেউ কেউ তাঁকে ‘বক্স অফিস সম্রাট’ নামেও ডাকছেন। ছবিতে সালমানের অন্তর্ভুক্তি মানেই নিশ্চিত সাফল্য। সবার মতো তিনিও বিষয়টি খুব ভালোভাবেই ঠাহর করেছেন। আর তাইতো এবারে আকাশছোঁয়া পারিশ্রমিক হেঁকেছেন এই ‘দাবাং’ তারকা।সালমান এর আগে ‘কিক’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ ৭০ কোটি রুপি চেয়েছিলেন। ওয়ান ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু সম্প্রতি তিনি হঠাত্ করে দর বাড়ানোর সিদ্ধান্ত নেন। এক ধাক্কায় আরও দশ কোটি রুপি বেশি পারিশ্রমিক চেয়ে বসেন। এখন বিষয়টি নিয়ে ‘কিক’ ছবির প্রযোজক ও পরিচালক সাজিদের সঙ্গে দর কষাকষি চলছে সালমানের। এর আগে খবর রটেছিল, গত আগস্টে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ৫০ কোটি রুপি পকেটে ভরেছেন সালমান। পরে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ছবিটি থেকে তিনি ২৭ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। সম্প্রতি আরেক দফা দর বাড়ানোয় অনেকে মন্তব্য করেছেন, জনপ্রিয়তাকে পুঁজি করে কীভাবে পকেট ভারী করা যায় তার কৌশল বেশ ভালোই রপ্ত করেছেন সালমান খান।