৮০ লাখ টাকার ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২১ মে, সন্ধ্যা ছয়টা। বৃষ্টিতে ভিজেছে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ। করিডরে নাট্যানুরাগীদের আনাগোনা। বিশাল ক্যানভাসে মঞ্চনাটকের বর্ণিল সব ছবি। একেকটি নাটক যেন একেকটি ইতিহাস। সময় গড়ায়, বাড়তে থাকে পদচারণ। সাতটা বাজতেই জাতীয় নাট্যশালা মিলনমেলায় পরিণত হলো। সেদিন এমনই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র আয়োজন করে প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। এই উৎসবের উদ্বোধন করেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ইউসুফ। প্রথম দিন উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে ছিল মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ কহে বীরাঙ্গনা মঞ্চায়ন।বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এবারের উৎসব। আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো দেশি-বিদেশি নাট্যদল নিয়ে আয়োজিত এ উৎসবের বাজেট ধরা হয়েছিল ৮০ লাখ টাকা। উৎসবে ভারত, নেপাল, সিঙ্গাপুর ও হংকংয়ের পাঁচটি এবং বাংলাদেশের ১৯টি—এই ২৪টি দলে নাটক মঞ্চায়ন করে। ১০ দিনের এ উৎসবে ৩০ মে পর্যন্ত শিল্পকলা একাডেমীর তিনটি মিলনায়তনে নাটকগুলো মঞ্চস্থ হয়। নিয়ম অনুযায়ী গত এক বছর যেসব নতুন নাটক মঞ্চে এসেছে, সেখান থেকে বাছাইকৃত নাটকগুলোই মঞ্চস্থ হয়েছে উৎসবে। এর মধ্যে ছিল থিয়েটারের মুক্তধারা, আরণ্যকের ইতি ইয়োকাস্তে ও টু বি অর নট টু বি, থিয়েটার আর্ট ইউনিটের মগজ সমাচার, পালাকারের বাংলার মাটি বাংলার জল, নাগরিক নাট্যাঙ্গনের পুসি বিড়াল ও একজন প্রকৃত মানুষ, রাজশাহীর অনুশীলন নাট্যদলের রথের রশি, চট্টগ্রামের অরন্দিম থিয়েটারের জলকন্যা, দেশ নাটকের মঙ্গল মুখ, শব্দাবলী থিয়েটারের ফণা, প্রাঙ্গণেমোর-এর দ্রোহ প্রেম নারী ইত্যাদি নাটক মঞ্চস্থ হয়।এ ছাড়াও ভারত থেকে প্রখ্যাত কানাইহালালের পরিচালনায় কলাক্ষেত্র মণিপুর মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এবং আগরতলা নাট্যভূমি অভিনয় করে স্ত্রীর পত্র, নেপালের মান্ডালা থিয়েটার মাইলা ডট কম এবং হংকং এশিয়ান পিটিএফএম থিয়েটার পাওয়ার ৮ টাইমস ৮ মঞ্চস্থ করে। সিঙ্গাপুরের বার্ডস থিয়েটার মঞ্চস্থ করে ইংরেজি নাটক শেইডস।উৎসবের শেষ দিন নাট্য বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ কর্মশালা পরিচালনা করেন ভারতের বিশিষ্ট নাট্য নির্দেশক কানইহালাল।