৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি গঠিত
৮৫তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য অস্কার কমিটি গঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ৮৫তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাবেক সভাপতি হাসান ইমামকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান মানিক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া প্রাচী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি প্রোফেসর আব্দুস সেলিম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার। কমিটির সদস্য মোহাম্মদ হান্নান জানিয়েছেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ফুটে উঠেছে এবং গুণগতভাবে উন্নতমানের ছবিগুলোকেই অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে পাঠানোর জন্য মনোনীত করা হবে। চলতি সপ্তাহের শেষের দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখান থেকে মনোনয়নের জন্য ছবি আহ্বান করা হবে।’ ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি শাহিন আব্দুল হাইকে সাবমিশন কোঅর্ডিনেটর এবং রবিন শামসকে মিডিয়া কোঅর্ডিনেটর মনোনীত করেছে।