৯ এপ্রিল থেকে এমআইবি-গানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও শিল্পর হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয়ে গানমেলার আয়োজন করতে যাচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। আগামী ৯ এপ্রিল শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘এমআইবি-গানমেলা’ নামের ১০ দিনব্যাপী এই গানমেলা।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এই মেলার ৫০টি স্টলে পাওয়া যাবে নবীন ও প্রবীণ শিল্পীদের গানের অ্যালবাম। প্রতিদিন বিকেলে মেলার উন্মুক্ত মঞ্চে থাকবে পাইরেসি প্রতিরোধের উপায় ও বিভিন্ন গানের ওপর আলোচনা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন মঞ্চে শিল্পীদের মনমাতানো পরিবেশনার পাশাপাশি থাকবে নতুন অ্যালবামের প্রকাশনা। ১৮ এপ্রিল শেষ হবে ১০ দিনব্যাপী এই গানমেলা।
গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে এমআইবি-গানমেলার বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন এমআইবির সভাপতি ও লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, দোয়েল প্রোডাক্টসের কর্ণধার ও সংগীতশিল্পী জানে আলম, মহাসচিব শেখ শাহেদ আলী, সমন্বয়কারী সাজেদ ফাতেমী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অডিও ইন্ডাস্ট্রিতে এখন চরম মন্দাবস্থা বিরাজ করছে। এই অবস্থা কাটিয়ে উঠতে এ দেশের শিল্পী, গীতিকার, সুরকার, গায়ক ও এর সঙ্গে সংশ্লি­ষ্ট ব্যক্তিদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যেই এ গানমেলার আয়োজন।