আর মাত্র চার সপ্তাহ। তার পরই সেই অনুষ্ঠান।৯ এপ্রিল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসবে মেরিল-প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত আয়োজন। হাঁটি হাঁটি পা পা করে মেরিল-প্রথম আলো পুরস্কার এবার এক যুগ পূর্ণ করতে যাচ্ছে। এক যুগের এই অনুষ্ঠানে চমকও কম থাকছে না।উপস্থাপনা কে করবেন, তা নিয়ে বরাবরের মতো এবারও থাকছে চূড়ান্ত চমক। এইটুকু বলি যে দুজন এবার অনুষ্ঠানের কান্ডারি হবেন, তাঁদের নিজেদের জন্যও এটা হবে নতুন অভিজ্ঞতা। দুজনের কারোরই মঞ্চ অনুষ্ঠান সঞ্চালনা করার অভিজ্ঞতা নেই, পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো নয়ই। অবশ্য সঞ্চালকদের নাম চূড়ান্ত করেই আনন্দবাহিনী ক্ষান্ত নয়; প্রথম আলো কার্যালয়ে প্রতিদিনই দীর্ঘ সভা করে নিত্যনতুন চমক আবিষ্কারের পাঁয়তারা চলছে।পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে দর্শকদের নতুন কী চমক দেওয়া যায়, সংযোজন-বিয়োজন করা যায়—সবকিছু নিয়েই পরিকল্পনায় ব্যস্ত আনন্দবাহিনী। ইতিমধ্যেই সমালোচক পুরস্কারের (নাটক) জন্য ৭১টি জমা পড়া নাটকের মধ্য থেকে প্রাথমিক মনোনয়নে এসেছে ২০টি নাটক। খুব শিগগির মনোনীত জুরি বোর্ড নাটক দেখে তাদের বিজ্ঞ মতামত জানাবে। সমালোচক পুরস্কারের (চলচ্চিত্র) জন্যও জুরি বোর্ডের সদস্যরা আগামী সপ্তাহ থেকে চলচ্চিত্র দেখবেন।অপেক্ষা শুধু প্রিয় পাঠকদের ফলাফলের। দেরি না করে এখনই কুপন এবং এসএমএসের মাধ্যমে প্রিয় তারকার পাশে দাঁড়ান। হয়তো আপনার একটি ভোটই নির্ধারণ করবে প্রিয় তারকার শ্রেষ্ঠত্ব কিংবা চূড়ান্ত মনোনয়নে শামিল হওয়ার সুযোগ।